রামিসা হত্যার বিচার চাইলেন জামায়াত আমির
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানী মিরপুরের পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া ৭ বছর বয়সী শিশু রামিসার হত্যাকারীর দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ।
বুধবার (২০ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।
জামায়াত আমির নিহত রামিসার প্রতি গভীর শোক প্রকাশ করে পোস্টে লেখেন, ‘প্রিয় সোনামণি রামিসা, তোমার কাছে মানবতা লজ্জিত। তুমি নিষ্পাপ ছিলে। তুমি এখনো বৃন্ত থেকে পুরোপুরি ফোটনি। তুমি ছিলে তোমার মা-বাবা ও বোনের চোখজুড়ানো হৃদয়ের আবেগ ও ভালোবাসামাখা ভবিষ্যতের এক অপূরণীয় স্বপ্ন।
তোমার চলে যাওয়াটা হায়েনার লালসার কাছে হার মানেনি। ওই হায়েনাটাই চিরদিন লানতের পাত্র হয়ে থাকবে। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং এই নরপশু হত্যাকারীর শাস্তি অতি দ্রুত দেখতে চাই।’
শিশু রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি লেখেন, ‘আল্লাহ তাআলা রামিসাকে জান্নাতের পাখি হিসেবে কবুল করুন। তার পিতা-মাতা, বোন এবং আপনজনকে ধৈর্য ধরার তাওফিক দিন। আমিন।’
এদিকে, নৃশংস এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেন ওরফে সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
