অন্তঃসত্ত্বা অবস্থায় ‘দোলা রে দোলা’ গানের শুটিং করেন মাধুরী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:০৮ পিএম
ছবি : সংগৃহীত
অভিনেত্রী মাধুরী দীক্ষিত আশির দশকের শেষ দিক থেকে ২০০৫ সাল পর্যন্ত বলিউডে দীর্ঘ সময় ধরে আধিপত্য বজায় রেখেছিলেন। সৌন্দর্য ও অসাধারণ অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। তার সফল সিনেমাগুলোর মধ্যে অন্যতম হলো ‘দেবদাস’। ২০০২ সালে মুক্তি পাওয়া এই ব্লকবাস্টার ছবির শুটিংয়ের সময় মাধুরী ছিলেন অন্তঃসত্ত্বা, তবুও তিনি কাজ চালিয়ে যান।
‘দেবদাস’ সিনেমার জনপ্রিয় গান ‘দোলা রে দোলা’ ঘিরে সম্প্রতি উঠে এসেছে নতুন তথ্য। জানা গেছে, গানটির শুটিং চলাকালীন মাধুরী চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সেই অবস্থাতেও তিনি দীর্ঘ সময় ধরে রিহার্সাল ও শুটিং সম্পন্ন করেন।
গানটিতে মাধুরীর সঙ্গে ছিলেন ঐশ্বরিয়া রায়। ছবিটি পরিচালনা করেন সঞ্জয় লীলা বানসালি। বিশাল সেট, ভারী পোশাক ও কঠিন নাচের সমন্বয়ে তৈরি এই গান আজও দর্শকদের কাছে বিশেষ জনপ্রিয়।
বলিউড ঠিকানাকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খানের দীর্ঘদিনের সহকারী রুবিনা খান গানটির পেছনের প্রস্তুতির বিস্তারিত জানান। তিনি বলেন, ‘দোলা রে দোলা’ গানের শুটিং করতে প্রায় ১৭ দিন সময় লাগে এবং প্রায় এক মাস ধরে আলাদা রিহার্সাল চলে।
রুবিনা বলেন, মাধুরী তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং তার জ্বরও ছিল। একটি কঠিন স্টেপে তাকে ঘুরে বসতে হতো, কিন্তু শারীরিক অবস্থার কারণে বারবার তার মাথা ঘুরে যেত। তবুও তিনি কোনো অভিযোগ করেননি বা স্টেপ পরিবর্তনের অনুরোধ করেননি। তিনি বলেন, নতুন প্রজন্মের অনেক শিল্পী কঠিন স্টেপে আপত্তি জানালেও মাধুরী সবসময় কাজটি নিখুঁতভাবে শেষ করার চেষ্টা করতেন।
আরো পড়ুন : বিজয়কে হিংসা করেন?’ প্রশ্নে যা বললেন রজনীকান্ত
শুধু মাধুরী নন, শুটিংয়ের সময় অসুস্থ ছিলেন কোরিওগ্রাফার সরোজ খানও। পরিচালক সঞ্জয় লীলা বানসালি এক সাক্ষাৎকারে জানান, প্রচণ্ড শারীরিক কষ্টের মধ্যেও সরোজ খান মেঝেতে শুয়ে শুয়ে নির্দেশনা দিতেন।
তিনি স্মৃতিচারণ করেন, ‘দেবদাস’ মুক্তির দিন সরোজ খান হাসপাতালে ভর্তি ছিলেন। আধা-চেতন অবস্থাতেও তিনি জানতে চেয়েছিলেন, ‘দোলা রে দোলা’তে দর্শক টাকা ছুড়েছে কি না। তার কাজের প্রতি ভালোবাসার অনন্য উদাহরণ।
‘দোলা রে দোলা’ গানটির পেছনে মাধুরী, শাহরুখ, ঐশ্বরিয়া, সরোজ খান ও সঞ্জয় লীলা বানসালিসহ পুরো টিমের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্ব বলিউড ইতিহাসে মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
কাজের প্রতি এমন নিষ্ঠার কারণেই আজও বলিউডে সমানভাবে প্রাসঙ্গিক মাধুরী দীক্ষিত। আগামী ৪ জুন তার ৫৯তম জন্মদিনে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ওয়েব সিনেমা ‘মা-বেহেন’।
