ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থল বন্দর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বুড়িমারী কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ এজেন্ট) অ্যাসোসিয়েশন। তবে এ সময় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন পরিসেবা সচল থাকবে।
আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহার কারণে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত টানা ৮ দিন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনর আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখবে। তবে পুলিশ ইমিগ্রেশন খোলা থাকবে পাসপোর্ট ও ভিসা যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, 'ঈদ উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি বুড়িমারী স্থল শুল্ক স্টেশন, স্থলবন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ইমিগ্রেশন, বিজিবি, ভারতের চ্যাংড়াবান্ধা ও ভুটানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।'
ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আট দিন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২ জুন থেকে যথারীতি সব কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন।
বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সাইফুর রহমান জানান ‘বন্দর দিয়ে ব্যবসায়িক কার্যক্রম বন্ধের চিঠি পেয়েছি। তবে ইমিগ্রেশন দিয়ে ভিসা ও পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।’
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান জানান, ‘ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়েছে।’
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে বলে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছেন।
