সেনাসদস্যদের সঙ্গে ঈদের প্রীতিভোজে প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৩:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
সেনাসদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৮ মে) ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে তিনি এক ঈদ প্রীতিভোজে অংশ নেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এবং ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আরে পড়ুন : জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রীতিভোজে উপস্থিত সেনাসদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, বহু বছর পর নিজের পুরোনো ও স্মৃতিবিজড়িত সেনানিবাসে ফিরে এসে তিনি আনন্দিত ও আবেগাপ্লুত। সেনাবাহিনীর শৃঙ্খলা, সহযোদ্ধাসুলভ সম্পর্ক এবং আন্তরিকতা তাঁর কাছে বিশেষভাবে স্মরণীয় বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী সেনাবাহিনীর পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং দুর্যোগসহ যেকোনো সংকটে জনগণের পাশে দাঁড়ানোর ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সবসময় রাষ্ট্রের আস্থার প্রতীক।
জাতীয় উন্নয়ন ও সংকট মোকাবিলায় সেনাবাহিনীর অবদান জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সেনাবাহিনীর সদস্যরা একই নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালন করবেন।
প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন পরিদর্শন করেন। পরে তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। কর্মসূচির শেষাংশে তিনি সেনাসদস্যদের সঙ্গে জোহরের নামাজ আদায় করেন।
সেনাসদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই প্রীতিভোজ ঈদের দিনে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে উৎসাহ, অনুপ্রেরণা ও গৌরবের সঞ্চার করেছে বলে মনে করা হচ্ছে।
