×

আন্তর্জাতিক

নতুন মহামারির শঙ্কায় কড়া সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:১৬ পিএম

নতুন মহামারির শঙ্কায় কড়া সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ছবি- সংগৃহীত

আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও উগান্ডায় ইবোলা ভাইরাসের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পরিস্থিতি বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) একে ‘জনস্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছে। বন্য প্রাণী থেকে ছড়ানো এই ভাইরাসটি আক্রান্ত ব্যক্তির শরীরের তরল বা দূষিত বস্তুর মাধ্যমে দ্রুত ছড়াচ্ছে।

আফ্রিকায় ইবোলায় আক্রান্ত হয়ে ইতিমধ্যে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে; আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০। ইবোলার ভয়ে ভারতেও সতর্কতা জারি করা হয়েছে। উচ্চ ঝুঁকিতে থাকা আফ্রিকার দেশগুলো থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং ও কোয়ারেন্টাইনের নির্দেশ দিয়েছে দেশটি। সতর্কতা হিসেবে কিছু আন্তর্জাতিক সম্মেলনও স্থগিত করা হয়েছে।

উদ্বেগজনক এই পরিস্থিতিতে ইবোলা নতুন মহামারি আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক মোহাম্মদ ইয়াকুব জানাবি এই প্রাদুর্ভাবের ঝুঁকিকে খাটো করে না দেখার পরামর্শ দিয়েছেন। আজ শুক্রবার (২২ মে) জেনেভায় ডব্লিউএইচওর সদর দপ্তরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মাত্র একটি ঘটনাই কঙ্গো ও উগান্ডার বাইরে ভাইরাসটি ছড়িয়ে দিতে পারে।

মোহাম্মদ ইয়াকুব জানাবি সতর্ক করে বলেন, “বিশেষ করে বুন্দিবুগিও স্ট্রেইনের এই ভাইরাসের ক্ষেত্রে অবহেলা করলে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। কারণ, এই রোগের কোনো টিকা আমাদের কাছে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের একে অপরকে সাহায্য করতে হবে।”

ডব্লিউএইচওর এই কর্মকর্তা আরও জানান, চলতি মাসে প্রমোদতরির যাত্রীদের মধ্যে ছড়ানো হান্টাভাইরাসের তুলনায় কঙ্গোর ইবোলা প্রাদুর্ভাবটি বৈশ্বিক মনোযোগ কম পেয়েছে। যুক্তরাষ্ট্রসহ ২৩টি দেশে ইঁদুর থেকে ছড়ানো হান্টাভাইরাসে এখন পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন শতাধিক মানুষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কঙ্গো ও উগান্ডাকে অবিলম্বে জরুরি অপারেশন সেন্টার খোলার পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও। এর মাধ্যমে আক্রান্তদের সন্ধান (ট্রেস) করা এবং সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থাগুলো পর্যবেক্ষণ করা হবে।

সংস্থাটি জানায়, সংক্রমণ থামাতে নিশ্চিত রোগীদের দ্রুত আইসোলেশনে রেখে চিকিৎসা দিতে হবে। অন্তত ৪৮ ঘণ্টার ব্যবধানে করা দুটি ‘বুন্দিবুগিও’ ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ না আসা পর্যন্ত রোগীকে ছাড়পত্র দেওয়া যাবে না। সীমান্তবর্তী দেশগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হলেও, আক্রান্ত অঞ্চলের বাইরের দেশগুলোকে সীমান্ত বন্ধ না করার বা বাণিজ্য ও ভ্রমণে নিষেধাজ্ঞা না দেওয়ার অনুরোধ করেছে ডব্লিউএইচও।

১৯৭৬ সালে বর্তমান কঙ্গোতেই (সাবেক জাইরে) প্রথম ইবোলা ভাইরাস আবিষ্কৃত হয়। ধারণা করা হয়, এটি বাদুড় থেকে মানুষের শরীরে ছড়িয়েছিল। এটি কঙ্গোতে ইবোলার ১৭তম প্রাদুর্ভাব। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থ বা চামড়ার কাটা অংশ দিয়ে এই ভাইরাস ছড়ায়। এর ফলে শরীরে তীব্র রক্তক্ষরণ ও অঙ্গ বিকল হতে পারে। প্রাথমিক লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, পেশিব্যথা, ক্লান্তি, মাথাব্যথা ও গলাব্যথা। পরে তা বমি, ডায়রিয়া ও চামড়ায় ফুসকুড়িতে রূপ নেয়। ইবোলার সুনির্দিষ্ট কোনো নিরাময় নেই এবং এতে মৃত্যুর গড় হার প্রায় ৫০ শতাংশ।

আফ্রিকা সিডিসির নির্বাহী পরিচালক ডক্টর জিন কাসেয়া জানিয়েছেন, কঙ্গোর রামপারা, বুনিয়া ও মংওয়ালুর খনি অঞ্চলে ঘনবসতি এবং মানুষের ব্যাপক চলাচলের কারণে আঞ্চলিক সমন্বয়ের মাধ্যমে এটি মোকাবিলা করা জরুরি।

গত ৫০ বছরে আফ্রিকায় ইবোলায় প্রায় ১৫ হাজার মানুষ মারা গেছেন। এর মধ্যে কঙ্গোতে ২০১৮ থেকে ২০২০ সালের প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি, প্রায় ২ হাজার ৩০০ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া গত বছরও একটি অঞ্চলে ৪৫ জন প্রাণ হারিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গুলশান পার্কে সীমিত হচ্ছে জনসাধারণের প্রবেশ, বাড়ছে বাণিজ্যিকীকরণ’

আইপিডির আলোচনা ‘গুলশান পার্কে সীমিত হচ্ছে জনসাধারণের প্রবেশ, বাড়ছে বাণিজ্যিকীকরণ’

ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

‘হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পরিকল্পনা’ ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App