যুদ্ধের ধ্বংসস্তূপে এবার ইঁদুরবাহিত রোগ, গাজায় আক্রান্ত সোয়া লাখ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: সংগৃহীত
চলতি বছরের প্রথম পাঁচ মাসেই গাজা উপত্যকায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইঁদুর ও পরজীবীজনিত ত্বকের রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের এই বিপুল সংখ্যা এরই মধ্যে সরকারি নথিতে তালিকাভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিওএ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ইউএনআরডব্লিওএ সংস্থাটি জানায়, ‘গাজা উপত্যকায় আরেকটি সংকট তৈরি হয়েছে। ইঁদুর ও পরজীবী সংক্রমণ দ্রুত বাড়ছে। ত্বকের এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। রোগের ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।’
সংস্থাটি আরো জানায়, ‘তাদের শত শত চিকিৎসাকর্মী প্রতিদিন প্রায় ৪০০ জন রোগীর চিকিৎসা দিচ্ছেন। তবে, পর্যাপ্ত ওষুধ সরবরাহ পেলে তারা আরও বেশি মানুষকে সেবা দিতে পারতেন।’
সংস্থাটি উল্লেখ করে, ‘জানুয়ারি থেকে মে ২০২৬ পর্যন্ত গাজায় ইঁদুর ও পরজীবী সম্পর্কিত ত্বকের সংক্রমণের ১ লাখ ২৫ হাজারের বেশি ঘটনা রিপোর্ট করা হয়েছে।’
সংস্থাটি আরো বলেছে, ‘গাজায় বড় পরিসরে জরুরি সহায়তা সামগ্রী প্রবেশ করতে দিতে হবে।’
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, ‘২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে অন্তত ৮৭৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২,৬০২ জন আহত হয়েছেন।’
মন্ত্রণালয় আরো জানায়, ‘যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও গাজায় সমঝোতা অনুযায়ী মানবিক সহায়তা প্রবেশে এখনও বাধা দিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল।’
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। একই সঙ্গে ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।
