×

খেলা

ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৪০ পিএম

ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

ম্যানসিটির দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন পেপ গার্দিওলা। ছবি- সংগৃহীত

এক দশকের চেনা ডাগআউট আর ইতিহাদ স্টেডিয়ামের মায়া কাটিয়ে এবার বিদায় নিচ্ছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির ডাগআউটে ১০ বছর ধরে যিনি শুধু ট্যাকটিকসের ছক আঁকেননি, ফুটবলকে রূপ দিয়েছেন এক জীবন্ত শিল্পে, সেই গার্দিওলা যুগের অবসান ঘটছে।

চলতি মৌসুমের শেষ ম্যাচের পরই ম্যানচেস্টার সিটি ছাড়ছেন পেপ গার্দিওলা। আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে কিংবদন্তি এই কোচের বিদায়ের খবর নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। আগামী রোববার সিটির ডাগআউটে শেষবারের মতো দাঁড়াবেন তিনি।

ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরে ১০ মৌসুমে সিটিকে ১৭টি বড় ট্রফি জিতিয়েছেন গার্দিওলা। এর মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ শিরোপাও। ৫৫ বছর বয়সী এই কোচের শেষ ম্যাচটি হবে ইতিহাদ স্টেডিয়ামে, অ্যাস্টন ভিলার বিপক্ষে।

নিজের বিদায় প্রসঙ্গে গার্দিওলা বলেন,‘আমি কেন চলে যাচ্ছি, সেই কারণ দয়া করে আমাকে জিজ্ঞেস করবেন না। সুনির্দিষ্ট কোনো কারণ নেই। তবে মন থেকে জানি, এটাই চলে যাওয়ার সঠিক সময়।’ স্প্যানিশ এই কোচ আরও বলেন,‘কোনো কিছুই চিরস্থায়ী নয়। তবে ম্যানচেস্টার সিটির জন্য আমার যে অনুভূতি, এখানকার মানুষ, স্মৃতি আর ভালোবাসা—সেগুলো চিরকাল টিকে থাকবে।’

৫৫ বছর বয়সী গার্দিওলার স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে আছেন চেলসির সাবেক ম্যানেজার এনজো মারেস্কা। তিনি এর আগে সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছিলেন।

আর্সেনালের কাছে ২০২৫-২৬ মৌসুমের প্রিমিয়ার লিগ শিরোপা হারানোর ঠিক তিন দিন পরই গার্দিওলার ক্লাব ছাড়ার এই আনুষ্ঠানিক ঘোষণা এল। গত মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে সিটি ড্র করায় দীর্ঘ ২২ বছর পর লিগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গানার্সরা।

ম্যানুয়েল পেলেগ্রিনির স্থলাভিষিক্ত হয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে প্রথমবার সিটির সঙ্গে তিন বছরের চুক্তি সই করেছিলেন গার্দিওলা। তবে সিটির হয়ে তার প্রথম মৌসুমটি কেটেছিল কোনো ট্রফি ছাড়াই, যা ছিল তার ক্যারিয়ারেরই প্রথম ট্রফিশূন্য বছর।

এর পরের গল্পটা শুধুই সাফল্যের। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে একমাত্র দল হিসেবে এক মৌসুমে ১০০ পয়েন্ট পাওয়ার কীর্তি গড়েছিল গার্দিওলার সিটি। ২০১৭-১৮ মৌসুমের সেই যাত্রায় এক আসরে সর্বোচ্চ ১০৬টি গোল করার রেকর্ডও গড়ে তারা। ২০২২-২৩ মৌসুমে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ‘ট্রেবল’ জয়ের অনন্য ইতিহাস গড়ে সিটি। একই মৌসুমে তারা ঘরে তোলে প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের ট্রফি। এরপর ২০২৩-২৪ মৌসুমে লিগ শিরোপা জিতে প্রথম ইংলিশ ক্লাব হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ে সিটিকে অনন্য উচ্চতায় নিয়ে যান গার্দিওলা।

২০২৪ সালের নভেম্বরে ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছিলেন তিনি, যার মেয়াদ ছিল ২০২৬-২৭ মৌসুমের শেষ পর্যন্ত। তবে এক বছর আগেই বিদায় নিচ্ছেন তিনি। ম্যানচেস্টার সিটি জানিয়েছে, ক্লাবের ওপর গার্দিওলার এক ‘যুগান্তকারী প্রভাব’ রয়েছে। ম্যানেজারের পদ থেকে বিদায় নিলেও তিনি গ্লোবাল অ্যাম্বাসেডর (বৈশ্বিক দূত) হিসেবে ‘সিটি ফুটবল গ্রুপ’-এর সঙ্গে যুক্ত থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতীয়দের জন্য ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা বাতিল করল থাইল্যান্ড

ভারতীয়দের জন্য ৬০ দিনের ভিসামুক্ত সুবিধা বাতিল করল থাইল্যান্ড

অতি দরিদ্রদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার

ভূমি প্রতিমন্ত্রী অতি দরিদ্রদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার

বাংলাদেশের দায়িত্ব নিয়েই যা বললেন নতুন কোচ ডুলি

বাংলাদেশের দায়িত্ব নিয়েই যা বললেন নতুন কোচ ডুলি

‘গুলশান পার্কে সীমিত হচ্ছে জনসাধারণের প্রবেশ, বাড়ছে বাণিজ্যিকীকরণ’

আইপিডির আলোচনা ‘গুলশান পার্কে সীমিত হচ্ছে জনসাধারণের প্রবেশ, বাড়ছে বাণিজ্যিকীকরণ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App