রামিসা হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি ওয়েবের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক, তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। শুক্রবার (২১ মে) বিকেলে সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
বিবৃতিতে ওয়েব উল্লেখ করে, এই নৃশংস ঘটনা শুধু একটি শিশুর জীবন কেড়ে নেওয়ার ঘটনা নয়; এটি বাংলাদেশে শিশুদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে জবাবদিহি ও সুরক্ষা ব্যবস্থার গুরুতর ঘাটতির বিষয়টিও নতুন করে সামনে এনেছে। একটি স্বাধীন ও সভ্য সমাজে নিষ্পাপ শিশুর ওপর এমন পাশবিকতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)-এর পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কয়েকটি দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে শিশু রামিসা হত্যা ও ধর্ষণের সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনা এবং খুনিদের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
এছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের কঠোর ও যথাযথ প্রয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে প্রয়োজনীয় নিরাপত্তা, উপযুক্ত ক্ষতিপূরণ, বিনা মূল্যে আইনি সহায়তা এবং তাৎক্ষণিক চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের আহ্বান জানানো হয়।
ওয়েব এ বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে। একই সঙ্গে রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
