×

আন্তর্জাতিক

ইরান যুদ্ধের মধ্যে ছেলের বিয়েতে যাওয়া নিয়ে দোটানায় ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৫৭ পিএম

ইরান যুদ্ধের মধ্যে ছেলের বিয়েতে যাওয়া নিয়ে দোটানায় ট্রাম্প

ছবি- সংগৃহীত

ইরান যুদ্ধের টানাপোড়েনের মধ্যেই পারিবারিক এক অনুষ্ঠান নিয়ে দোটানায় পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যাওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত তিনি উপস্থিত থাকতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলমান যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক ব্যস্ততার কারণে নিজেই এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন ট্রাম্প। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের কারণে হয়তো তিনি বড় ছেলের বিয়েতে যেতে পারবেন না। বিয়েতে অংশ নেওয়ার চেষ্টা করবেন জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়টা তার জন্য ‘খুব খারাপ’।

৪৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র চলতি সপ্তাহের শেষে দ্বিতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন। মার্কিন গণমাধ্যমের খবর অনুযায়ী, বাহামাসে বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়েছে। একই সময়ে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে একটি চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

প্রতিবেদনে বলা হয়েছে, এই যুদ্ধের কারণে ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা কমেছে। পাশাপাশি আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ভোটারদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। এমন পরিস্থিতিতে ছেলের বিয়েতে যোগ দেবেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন,‘সে চায় আমি যাই। সেখানে ছোট ও ঘরোয়া আয়োজন হবে। আমি যাওয়ার চেষ্টা করব।’

ট্রাম্প আরও বলেন,‘আমি তাকে বলেছি, এই সময়টা আমার জন্য ভালো নয়। এখন ইরান পরিস্থিতি আছে, আরও অনেক কিছু আছে।’

যুদ্ধ চলাকালে বিয়েতে গেলে সংবাদমাধ্যম কীভাবে বিষয়টি উপস্থাপন করবে, তা নিয়েও সচেতন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি যে সিদ্ধান্তই নিই না কেন, সমালোচিত হব। যদি যাই, তাহলেও আক্রমণ করা হবে। আর না গেলেও আক্রমণ করা হবে—অবশ্যই তা করবে ভুয়া সংবাদমাধ্যমগুলো।’ এরপর তিনি ছেলের হবু দম্পতির সুখী জীবন কামনা করেন।

‘ডন জুনিয়র’ নামে পরিচিত ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান ‘ট্রাম্প অর্গানাইজেশন’-এর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। রিয়েল এস্টেটভিত্তিক এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ট্রাম্পের ডানপন্থি ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ম্যাগা রাজনৈতিক এজেন্ডারও অন্যতম কট্টর সমর্থক।

বাবার রাজনৈতিক ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই তাকে দেখা যায়। চলতি মাসের শুরুতেও ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট থেকে বাবার সঙ্গে হোয়াইট হাউসে ফিরতে দেখা গেছে তাকে। গত বছর ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ইঙ্গিত দিয়েছিলেন, ‘হয়তো একদিন’ তিনি নিজেও প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারেন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় ও শেষ মেয়াদ ২০২৯ সালের জানুয়ারিতে শেষ হওয়ার কথা রয়েছে। তবে নিজের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে কারও নাম ঘোষণা করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

ম্যানসিটির সঙ্গে এক দশকের সম্পর্কের ইতি টানলেন গার্দিওলা

ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

‘হাসিনাকে ফেরানোর শপথ নেওয়ার পরিকল্পনা’ ধানমন্ডিতে জড়ো হওয়া ২৬ জন আটক

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

হাত-পা বেঁধে নিজ সন্তানকে হত্যা করলেন মা

রামিসা হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি ওয়েবের

রামিসা হত্যার প্রতিবাদ ও খুনীদের সর্বোচ্চ শাস্তির দাবি ওয়েবের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App