বাংলাদেশিসহ সব দেশের অভিবাসীদের জন্য সুখবর দিলো স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৪৬ পিএম
ছবি- সংগৃহীত
স্পেনে অনথিভুক্ত অভিবাসীদের বৈধতা দেওয়ার পর এবার তাদের সরাসরি কর্মসংস্থানে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এবং শ্রমবাজারের ঘাটতি মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশিসহ লাখ লাখ অভিবাসী উপকৃত হবেন।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পেনের শীর্ষ অভিবাসন কর্মকর্তা পিলার ক্যানসেলা বলেন, বৈধতা পাওয়া অভিবাসীদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন খাতে চাকরির সুযোগ দেওয়া হবে। স্পেনে বয়স্ক মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে তৈরি হওয়া শ্রমসংকট মোকাবিলায় অভিবাসীরা বড় ভূমিকা রাখবেন বলে মনে করছে সরকার।
চলতি বছরের জানুয়ারিতে এই কর্মসূচি ঘোষণার পর থেকেই কট্টর ডানপন্থি নেতাদের সমালোচনার মুখে পড়ে। তবে স্পেনের সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন জোট সরকার বলছে, অভিবাসন নীতি দেশের অর্থনীতিকে ইউরোপের অন্য দেশগুলোর চেয়ে এগিয়ে রাখবে।
সরকারি তথ্য অনুযায়ী, অভিবাসীদের আবেদন প্রক্রিয়া সামলাতে বিভিন্ন এনজিও ও বিশেষায়িত অফিস প্রস্তুত রাখা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সম্ভাব্য ৫ লাখ আবেদনকারীর বিপরীতে প্রায় ১০ লাখ আবেদন সামলানোর সক্ষমতা রয়েছে তাদের।
স্পেনের গবেষণা প্রতিষ্ঠান ‘ফুনকাস’-এর হিসাব মতে, বর্তমানে দেশটিতে প্রায় ৮ লাখ ৪০ হাজার অনথিভুক্ত অভিবাসী অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। এদের বেশির ভাগই লাতিন আমেরিকার নাগরিক।
নতুন কর্মপরিকল্পনার মূল লক্ষ্য হলো, এই অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের মূল ধারার কর্মসংস্থানে নিয়ে আসা। বিশেষ করে নির্মাণ, পর্যটন, পরিবহন ও সেবা খাতের শ্রমিক সংকট কমানো। এ প্রসঙ্গে পিলার ক্যানসেলা বলেন, যারা দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যেও দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন, তাদের সম্ভাবনাকে কাজে লাগানোর এটি একটি বড় সুযোগ।
পরিকল্পনার অংশ হিসেবে দেশটির অভিবাসন মন্ত্রণালয় অভিবাসীদের দক্ষতা ও কাজের আগ্রহ জানতে একটি স্বেচ্ছামূলক জরিপ চালাবে। একই সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে সমন্বয় করে শ্রমবাজারের চাহিদা নির্ধারণ করা হবে এবং সেই অনুযায়ী বৈধতা পাওয়া অভিবাসীদের চাকরির ব্যবস্থা করা হবে।
