×

বিনোদন

ঈদ উপলক্ষে মুক্তি পেল আট সিনেমা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৩:৩৩ পিএম

ঈদ উপলক্ষে মুক্তি পেল আট সিনেমা

ছবি : সংগৃহীত

প্রতিবারের মতো এবার ঈদেও সিনেমা মুক্তি দেওয়া জন্য নির্মাতাদের দৌঁড়ঝাপ ছিল চোখে পড়ার মতো। তবে ঠিক কয়টি সিনেমা মুক্তি পাচ্ছে, তা জানার জন্য অপেক্ষা করতে হয়েছে ঈদের আগের দিন পর্যন্ত। অবশেষে সব জল্পনা কল্পনা শেষে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা— ‘রকস্টার’, ‘রইদ’, ‘মালিক’, ‘বনলতা সেন’, ‘মাসুদ রানা’, ‘তছনছ, ‘অফিসার’ ও ‘পিনিক’।

রকস্টার

একজন রকস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে রকস্টার। বানিয়েছেন আজমান রুশো। এতে আগুন নামের এক রকস্টারের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। রকস্টারে শাকিবের নায়িকা সাবিলা নূর। এটি শাকিব-সাবিলা জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। শাকিবের সঙ্গে আরো আছেন তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক। দেশজুড়ে ১০৩টি সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে রকস্টার।

রইদ

রইদ পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। যিনি এর আগে ‘হাওয়া’ বানিয়ে হইচই ফেলে দিয়েছিলেন। রইদের গল্পে দেখা যাবে, প্রত্যন্ত জনপদে সাধু নামের এক যুবক তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করে। স্ত্রীর পাগলামির কারণে একসময় বিরক্ত হয়ে সাধু তাকে বাড়ি থেকে অনেক দূরে রেখে আসার চেষ্টা করে। কিন্তু প্রতিবারই যখন সাধু তাকে ফেলে চলে আসে, বাড়ির পাশের তালগাছ থেকে একটি করে তাল ঝরে পড়ে এবং তার স্ত্রী ঠিকই আবার বাড়ি ফেরার পথ খুঁজে নেয়। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। সিনেমাটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে স্ক্রিন সিনেপ্লেক্সে।

বনলতা সেন

জীবনানন্দ দাশের জীবন, তাঁর সাহিত্যকর্ম ও ব্যক্তিগত টানাপোড়েন এ সিনেমার মূল বিষয়। শুধু জীবনানন্দ নন, তাঁর সমসাময়িক বাস্তব ও ঐতিহাসিক চরিত্রগুলোও কাল্পনিক আবহে তুলে আনা হয়েছে এতে। সরকারি অনুদানে তৈরি সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা, খায়রুল বাসার, সোহেল মন্ডল, মায়মুনা মম প্রমুখ। স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে স্ক্রিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে বনলতা সেন।

মালিক

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে সাইফ চন্দন বানিয়েছেন মালিক। এতে দেখা যাবে এক জেদি যুবকের প্রতিশোধ, পারিবারিক আবেগ ও অপরাধ জগতের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠার গল্প। মায়ের সম্মান রক্ষায় এবং সামাজিক অধিকার আদায়ের মিশন নিয়ে মাঠে নামে মালিক। ভাগ্যচক্রে সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতের সঙ্গে। নিজের ক্ষুরধার বুদ্ধি ও সাহসের জোরে ধীরে ধীরে অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হয় সে। শাকিব খানের রকস্টারের পর এটি সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পেয়েছে। সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে ৩৩টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে সিনেমাটি।

মাসুদ রানা

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী স্পাই-থ্রিলার উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে মাসুদ রানা। বানিয়েছেন সৈকত নাসির। এতে মাসুদ রানা হয়েছেন রাসেল রানা। এটি এই অভিনেতার প্রথম সিনেমা। আরও আছেন পূজা চেরী, সৈয়দা তিথি অমনি, অমিত হাসান প্রমুখ। এই সিনেমাটিও মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস ও কে স্ক্রিন সিনেপ্লেক্সে।

পিনিক

রহস্য ও মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার পিনিক পরিচালনা করেছেন জাহিদ জুয়েল। প্রধান দুই চরিত্রে আছেন আদর আজাদ ও শবনম বুবলী। আরও অভিনয় করেছেন আলীরাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু প্রমুখ। গত বছর রোজার ঈদ থেকে মুক্তির তালিকায় ছিল পিনিক। প্রতিবারই সরে এসেছে শেষ মুহূর্তে। অবশেষে এই কোরবানির ঈদে আলোর মুখ দেখল পিনিক। স্টার সিনেপ্লেক্সের দুটি শাখা ও লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে সিনেমাটি।

অফিসার

একজন পুলিশ কর্মকতাকে কেন্দ্র করে বদিউল আলম খোকন পরিচালনা করেছেন অফিসার। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব। তাঁর সঙ্গে আছেন মাহিয়া মাহি। গল্পে দেখা যাবে, একজন সাহসী ও সৎ পুলিশ কর্মকর্তা দায়িত্ববোধ আর নৈতিকতার তাড়নায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সমাজে ভদ্র মানুষের ছদ্মবেশে থাকা ভয়ংকর গডফাদারদের মুখোশ উন্মোচনের মিশনে নামে সে। সিনেপ্লেক্সের পাশাপাশি কয়েকটি সিঙ্গেল স্ক্রিনেও দেখা যাচ্ছে অফিসার।

তছনছ

সম্পূর্ণ অ্যাকশন ঘরানায় নির্মিত হয়েছে তছনছ। এটিও পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মুন্না খান। সিনেমাটির প্রযোজকও তিনি। তাঁর বিপরীতে আছেন ইয়ামিন হক ববি। তাঁকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। আরো আছেন মিশা সওদাগর, দীপা খন্দকার প্রমুখ। সারাদেশের ১০টি সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

বিশ্বের প্রতি ১৩ দেশের একটিতে হামলার হুমকি দিয়ে ফেলেছেন ট্রাম্প

ঈদের সকালেই ছেলের হাতে মা খুন

ঈদের সকালেই ছেলের হাতে মা খুন

প্রবাসীর স্ত্রী নিখোঁজ, ভিন্নমত স্থানীয়দের

প্রবাসীর স্ত্রী নিখোঁজ, ভিন্নমত স্থানীয়দের

কোরবানি দিতে গিয়ে আহত, ঢামেকে ৮০ জন

কোরবানি দিতে গিয়ে আহত, ঢামেকে ৮০ জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App