পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে যা বললেন শান্ত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
নাজমুল হোসেন শান্ত। ছবি- সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর দলের বদলে যাওয়া মানসিকতা ও পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের মতে, উন্নতি করতে হলে পরিবর্তন আনা জরুরি ছিল, আর সেই পরিবর্তনের ফলই এখন পাচ্ছে দল। বুধবার (২০ মে) ম্যাচ শেষে শান্ত বলেন,‘সব কৃতিত্ব খেলোয়াড়দের। তারা অনেক কঠোর পরিশ্রম করেছে। আমরা কিছু জিনিস বদলানোর চেষ্টা করেছি। বিশ্ব ক্রিকেটে যদি কিছু গড়তে চান, তাহলে পরিবর্তন আনতেই হবে। আশা করি আমরা এভাবেই খেলতে থাকব।’
বাংলাদেশের প্রস্তুতি ও উইকেট নিয়েও সন্তুষ্ট অধিনায়ক। তিনি বলেন,‘প্রস্তুতির দিক থেকে আমরা অসাধারণ ছিলাম। এই ধরনের কন্ডিশনে সেটা অনেক সাহায্য করেছে। আমাদের পেসাররা গরম আবহাওয়া ও ফ্ল্যাট উইকেটে দারুণ বোলিং করেছে। এটা এমন একটি জায়গা, যেখানে আমরা উন্নতি করতে চেয়েছিলাম।’
ব্যাটিং নিয়েও আশাবাদী শান্ত। তার মতে, এখন দলের ব্যাটারদের মধ্যে বড় জুটি গড়ে উঠছে এবং নিচের সারির ব্যাটাররাও অবদান রাখছেন। তিনি বলেন, ‘আগে আমরা অনেক দ্রুত উইকেট হারাতাম। কিন্তু এখন দারুণ কিছু পার্টনারশিপ হচ্ছে। টেইলএন্ডাররাও রান করছে। এগুলোই আমরা উন্নত করতে চেয়েছিলাম।’
বিদেশের মাটিতে ভালো করার লক্ষ্যও সামনে রেখেছেন শান্ত। তিনি বলেন, ‘আমার কাছে বিদেশের সিরিজগুলো আরও গুরুত্বপূর্ণ। গত চক্রে আমরা বাইরে কিছু ভালো ক্রিকেট খেলেছি। তবে এবার আরও কঠিন সফর আছে। এটা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। যদি আমরা পেসার ও স্পিনারদের নিয়ে এভাবেই ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে বিদেশেও ভালো করার সুযোগ থাকবে।’
