মুক্তি পেল বিশ্বকাপের অফিসিয়াল থিম সং
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:৪৮ পিএম
ছবি- সংগৃহীত
সপ্তাহখানেক আগে টিজারে আভাস দিয়েছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এবার বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল ২০২৬ ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে চিত্রায়িত এই গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান গায়ক বুর্না বয়।
আজ শুক্রবার (১৫ মে) ফিফা আনুষ্ঠানিকভাবে এই গানটি অবমুক্ত করেছে। বিশ্ব ফুটবল সংস্থাটি জানিয়েছে, ৩ মিনিট ৪৫ সেকেন্ডের এই গান থেকে পাওয়া রয়্যালটি ‘গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে’ জমা হবে। টুর্নামেন্ট শেষে গানটি থেকে ১০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে ফিফা। এই অর্থ দিয়ে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবল প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।
ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপ আসর বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই ফুটবল মহাযজ্ঞ। ফিফা আরও জানিয়েছে, নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালের বিরতিতে (হাফ টাইম) পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও কোরীয় পপ ব্যান্ড বিটিএস।
বিশ্বকাপের আসরে শাকিরা বেশ পরিচিত মুখ। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার ‘ওয়াকা ওয়াকা’ গানটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। এ ছাড়া ২০০৬ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও মঞ্চ মাতিয়েছিলেন এই ল্যাটিন তারকা।
