ফের গাজার উদ্দেশে যাত্রা শুরু করল ফ্লোটিলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:৪৪ পিএম
ছবি- সংগৃহীত
গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে আবারও যাত্রা শুরু করেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ত্রাণবাহী নৌবহর। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) দক্ষিণ তুরস্কের মারমারা বন্দর থেকে নৌবহরটি গাজা অভিমুখে রওনা দেয়। এর আগে দুবার আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনীর বাধার মুখে পড়েছিল এই ত্রাণবাহী জাহাজগুলো।
নৌবহরের সদস্যরা জানিয়েছেন, গাজায় বর্তমানে চরম মানবিক বিপর্যয় চলছে, তাই সেখানে দ্রুত সহায়তা পৌঁছানো জরুরি। তবে গাজার পরিস্থিতি থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। ফ্লোটিলার স্টিয়ারিং কমিটির সদস্য সুসান আবদুল্লাহ বলেন, ‘গাজার ওপর অবরোধ এখনো চলছে। সেখানে পর্যাপ্ত সহায়তা ঢুকতে দেওয়া হচ্ছে না।’
এর আগে গত ১২ এপ্রিল স্পেন থেকে এই নৌবহর যাত্রা শুরু করেছিল। তখন আন্তর্জাতিক জলসীমায় বেশ কয়েকটি জাহাজ আটকে দেয় ইসরায়েল। শতাধিক মানবাধিকারকর্মীকে আটক করে ক্রিট দ্বীপে নিয়ে যাওয়া হয়। ব্রিটিশ প্রতিনিধি দলের কর্মী ক্যাটি ডেভিডসন এই ঘটনায় ব্রিটিশ সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন।
অধিকারকর্মীদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই মানবাধিকার আন্দোলনকে ‘হামাসের প্রতি সমর্থন’ হিসেবে ভুলভাবে প্রচার করছে। গত বছরের অক্টোবরেও সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৫০ জনের বেশি কর্মীকে এই নৌবহর থেকে আটক করেছিল ইসরায়েলি বাহিনী।
বর্তমানে গাজার ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। ধ্বংসস্তূপ, অস্থায়ী তাবু ও রাস্তায় আশ্রয় নেওয়া এই মানুষদের জন্য ত্রাণ পৌঁছানো এখন সময়ের দাবি বলে মনে করছেন অ্যাক্টিভিস্টরা।
