×

অন্যান্য

রোবোফেস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে পুরস্কার জিতলো বাংলাদেশ দল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:১৫ পিএম

যুক্তরাষ্ট্রে পুরস্কার জিতলো বাংলাদেশ দল

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবটিক্স প্রতিযোগিতা রোবোফেস্ট ২০২৬ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে বাংলাদেশের একদল তরুণ রোবটিক্স শিক্ষার্থী।

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সাউথফিল্ডে অবস্থিত Lawrence Technological University-এ গত ১৪ থেকে ১৬ মে অনুষ্ঠিত হয় ২৭তম রোবোফেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের তৈরি ও প্রোগ্রাম করা স্বয়ংক্রিয় রোবটের দক্ষতা প্রদর্শন করে।

প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় বিভাগ ছিল ‘বটলসুমো’ (BottleSumo), যেখানে স্বয়ংক্রিয় রোবটকে প্রতিপক্ষের রোবট অথবা একটি বোতলকে নির্ধারিত টেবিলের বাইরে ঠেলে দিতে হয়। এ বিভাগের সিনিয়র ক্যাটাগরিতে অংশ নিয়ে বাংলাদেশ দল তৃতীয় স্থান অর্জন করে ট্রফি জিতে নেয়।

বাংলাদেশ দলের সাত সদস্যের মধ্যে ছয়জন ছিলেন International Hope School Bangladesh-এর শিক্ষার্থী এবং একজন ছিলেন সিলেটের জাতীয় শিক্ষাক্রমভিত্তিক একটি কলেজের শিক্ষার্থী। পুরো দলটি প্রশিক্ষণ, পরামর্শ ও তত্ত্বাবধান পেয়েছে Robonauts Club-এর কাছ থেকে।

দলের সদস্যরা হলেন মো. মানসিব আহসান (৭ম শ্রেণি), শায়ান সাদিদ জামান (৭ম শ্রেণি), ট্যাং তিয়ানসিং (৭ম শ্রেণি), নাসিফ আশাব খান জামি (৮ম শ্রেণি), আবদুর রহমান লাহি (১২শ শ্রেণি), ফারহান মোস্তফা (৯ম শ্রেণি) এবং আবরার হাসান (৯ম শ্রেণি)। দলের কোচ হিসেবে যুক্তরাষ্ট্রে যান মো. মুনজুর মোরশেদ।

প্রতিযোগিতায় সাফল্যের পাশাপাশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে রোবটিক্স প্রতিযোগিতার পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। তারা বিভিন্ন দেশের দলের প্রস্তুতি, প্রযুক্তিগত সমস্যা সমাধান, দলগত সমন্বয় এবং বৈশ্বিক মানের STEM শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ পায়।

বাংলাদেশ দলের কোচ ও Robonauts Ltd-এর প্রধান নির্বাহী পরিচালক মো. মুনজুর মোরশেদ বলেন, ‘এই অর্জন শুধু একটি ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা, সৃজনশীলতা, নেতৃত্বগুণ এবং সমস্যা সমাধানের দক্ষতা বিকাশেরও প্রতিফলন। আন্তর্জাতিক মঞ্চে আমাদের শিক্ষার্থীদের এই সাফল্য প্রমাণ করে যে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বৈশ্বিক STEM ও রোবটিক্স অঙ্গনে সমানভাবে প্রতিযোগিতা করতে পারে।’

রোবোফেস্টের সহকারী পরিচালক Shannan Palonis বলেন, ‘সিনিয়র বটলসুমো বিভাগে তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের সক্ষমতার প্রমাণ। তারা আন্তর্জাতিক STEM ও রোবটিক্স প্ল্যাটফর্মে সফলভাবে প্রতিযোগিতা করার যোগ্যতা রাখে।’

দলের সদস্য আবদুর রহমান লাহি বলেন, ‘রোবোফেস্টে অংশগ্রহণ আমাদের জন্য অবিস্মরণীয় অভিজ্ঞতা। আমরা শিখেছি, রোবটিক্স শুধু একটি রোবট তৈরি করার বিষয় নয়; এর সঙ্গে কৌশল, দলগত কাজ, ধৈর্য এবং চাপের মধ্যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতাও জড়িত।’

বাংলাদেশভিত্তিক STEM ও রোবটিক্স শিক্ষা প্ল্যাটফর্ম Robonauts Club দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (STEM) শিক্ষা, রোবটিক্স প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশের শিক্ষার্থীদের বৈশ্বিক রোবটিক্স ও প্রকৌশলভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App