ত্রাণের টাকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন এমপি গোলাম রব্বানী
মো. নাজমুল হাসান
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১১:৩৮ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি অনুদান বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রশংসায় ভাসছেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. গোলাম রব্বানী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ টাকা অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণের পর সুবিধাভোগীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তিনি ব্যাপক আলোচনায় এসেছেন।
গত ২৪ মে মিঠাপুকুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করেন সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী। উপজেলার ১৭টি ইউনিয়নের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে এই সহায়তা প্রদান করা হয়।
পরে বুধবার (৩ জুন) তার ভেরিফায়েড ফেসবুক পেজে সুবিধাভোগীদের নামের তালিকা প্রকাশ করা হলে বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তালিকা প্রকাশের এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে এবং স্বচ্ছতা নিশ্চিত করার উদাহরণ হিসেবে ব্যাপক প্রশংসা অর্জন করে।
জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ কীভাবে ব্যয় করা হয়েছে এবং কারা এ সহায়তা পেয়েছেন- এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছিল। অনেকেই সরকারি বরাদ্দের ১০ লাখ টাকার হিসাব এবং সুবিধাভোগীদের তালিকা প্রকাশের দাবি জানান।
বিষয়টি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেন সংসদ সদস্য গোলাম রব্বানী। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে অর্থ বণ্টনের বিস্তারিত তথ্য, সুবিধাভোগীদের নাম এবং প্রাপ্ত অর্থের পরিমাণ প্রকাশ করেন। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার্থে তালিকায় মোবাইল নম্বর আংশিক গোপন রাখা হয়।
সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী জানান, নির্ধারিত তালিকার ভিত্তিতে এক হাজার মানুষকে জনপ্রতি এক হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে আরও প্রায় ৫০০ মানুষকে সহায়তা দেওয়া হয়েছে। তবে সীমিত সরকারি বরাদ্দের কারণে উপজেলার সব সুবিধাবঞ্চিত মানুষকে এই সহায়তার আওতায় আনা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই আমরা পুরো তালিকা প্রকাশ করেছি। সহায়তা প্রদানের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি; প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।”
এ উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি এবং সাধারণ মানুষ এমপি গোলাম রব্বানীর এই জবাবদিহিমূলক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।
অনেকেই মনে করছেন, সরকারি অনুদান বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের জন্য এটি একটি অনুসরণযোগ্য উদাহরণ হয়ে থাকবে।
