×

জাতীয়

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১০:২৫ পিএম

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

ছবি : সংগৃহীত

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ী চাঁদপুর এলাকার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মেসবাউল, নাচোল উপজেলার ফতেপুর লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম এবং নিজামপুর এলাকার হাসান আলী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জে বাড়ির পাশের আমবাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নিহত তিনজনের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে তাকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। একই সময়ে নিজামপুর এলাকায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান হাসান আলী। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ।

বগুড়া : বগুড়ার আদমদীঘি উপজেলায় মায়ের সঙ্গে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার মা মনিকা বেগম (৩৮)।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। রাব্বি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের আফাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা আহত মনিকা বেগমকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া।

পঞ্চগড় : পঞ্চগড় সদর উপজেলায় বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সন্ধ্যা ৬টার দিকে অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদাত একই এলাকার কেরামত আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ট্রাক্টরের সহকারী হিসেবে কাজ করা শাহাদাত ভুট্টা পরিবহনের কাজে নিয়োজিত ছিলেন। ট্রাক্টরের চাকা কাদায় আটকে গেলে বাড়ি থেকে একটি বেলচা আনতে যান তিনি। বেলচা নিয়ে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।

নাটোর : নাটোরের সিংড়া উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. মধু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সন্ধ্যায় উপজেলার লালোর ইউনিয়নের বড় বারইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

সিংড়া থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁও ও মুক্তাগাছা উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন মুক্তাগাছা উপজেলার গাবতলি ডিগ্রি কলেজের গণিত বিভাগের শিক্ষক এএসএম খালেকুল আজাদ (৫৬) এবং গফরগাঁও উপজেলার পাঁচ নম্বর পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামের রুকুন উদ্দিনের ছেলে সিয়াম (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, কলেজ বন্ধ থাকায় নিজ গ্রামের রঘুনাথপুর রৌহার চরবাজার এলাকায় একটি মসজিদের নির্মাণকাজ তদারকি করছিলেন শিক্ষক আজাদ। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তিনি একটি আমগাছের নিচে আশ্রয় নেন। এ সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সায়েম তানভীর জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

অপরদিকে গফরগাঁও উপজেলায় বৃহস্পতিবার দুপুরে নিজেদের জমিতে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আহত হন সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ত্রাণের টাকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন এমপি গোলাম রব্বানী

ত্রাণের টাকার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করলেন এমপি গোলাম রব্বানী

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

ঢাকার সড়কে এআই নজরদারি এক মাসে ৩৮ হাজারের বেশি মামলা, জরিমানা পৌনে ৯ কোটি টাকা

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

পাঁচ জেলায় বজ্রপাতে প্রাণ গেল ১১ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App