সুইজারল্যান্ড থেকে দুই কার্গো এলএনজি ও এক কোটি পাটের বস্তা কিনছে সরকার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
জ্বালানি চাহিদা মেটাতে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং খাদ্য অধিদপ্তরের জন্য ৫০ কেজি ধারণক্ষমতার এক কোটি পিস নতুন কাট সাইজের পাটের বি-টুইল বস্তা ক্রয়ের পৃথক দুটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (৩ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভাসূত্রে জানা যায়, সরকার-টু-সরকার (জি-টু-জি) ভিত্তিতে সুইজারল্যান্ড থেকে স্বল্পমেয়াদে (২০২৬ সালে) সরাসরি ক্রয় পদ্ধতিতে দুই কার্গো এলএনজি আমদানির দরপ্রস্তাব অনুমোদন করেছে কমিটি।
সূত্র জানায়, এসওসিএআর ট্রেডিং এসএ প্রতিষ্ঠানটি জি-টু-জি ভিত্তিতে স্বল্প ও দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ এবং এফএসআরইউ স্থাপনে আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দেয়। ২০২৫ সালের ২০ ডিসেম্বর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ প্রতিষ্ঠানের কাছ থেকে জি-টু-জি চুক্তির আওতায় ২০২৬ সালে স্বল্পমেয়াদে কিছুসংখ্যক এলএনজি কার্গো আমদানির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়।
এলএনজি আমদানিতে স্পট মার্কেটের বিকল্প হিসেবে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জি-টু-জি ভিত্তিতে স্বল্পমেয়াদে এসওসিএআর ট্রেডিং এসএ থেকে ২০২৬ সালে দুই কার্গো এলএনজি আমদানির জন্য নেগোসিয়েশনের মাধ্যমে নির্ধারিত জাপান-কোরিয়া মার্কেট (জেকেএম) ফর্মুলা অনুযায়ী দরপ্রস্তাব (জেকেএম + ০.১২৫ মার্কিন ডলার/এমএমবিটিইউ) অনুমোদন করে কমিটি। একটি কার্গোতে এলএনজির পরিমাণ ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ।
এছাড়া সভায় খাদ্য অধিদপ্তরের জন্য ৫০ কেজি ধারণক্ষমতার এক কোটি পিস নতুন কাট সাইজের বি-টুইল বস্তা ক্রয়ের প্রস্তাবও অনুমোদন করা হয়। এতে মোট ব্যয় হবে ১২৬ কোটি ২৫ লাখ ২২ হাজার ৪০০ টাকা।
খাদ্যশস্য খামালকরণ ও গুণগত মান অক্ষুণ্ন রেখে সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ২৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে ৬১৬টি দরপত্র জমা পড়ে। এর মধ্যে ২৩টি প্রতিষ্ঠানের ৫৩০টি দরপত্র গ্রহণযোগ্য (রেসপনসিভ) বিবেচিত হয়।
দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী, ১৬টি গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি পিস বস্তা কেনা হবে। প্রতি পিস বস্তার গড় মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৮ টাকা ৩৬ পয়সা।
