×

ময়মনসিংহ

৩০ গ্রামের জন্য ৩ ডিলার, টিসিবি পণ্য নিতে চরম ভোগান্তি

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:১৬ পিএম

৩০ গ্রামের জন্য ৩ ডিলার, টিসিবি পণ্য নিতে চরম ভোগান্তি

ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে ৩০টি গ্রামের মানুষের জন্য ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রি করা হচ্ছে মাত্র তিনটি ডিলারের মাধ্যমে। পাশাপাশি নেটওয়ার্কজনিত সমস্যার কারণে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কিনতে হচ্ছে এসব পণ্য। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, রোদ-বৃষ্টির মধ্যেও লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ। বাজারে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাশ্রয়ী মূল্যের চাল, ডাল, তেল ও চিনির আশায় নিম্ন ও মধ্যআয়ের মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন।

বৃষ্টির মধ্যে ছাতা ও পানির বোতল হাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। এ উপজেলায় প্রায় ২৯ হাজার টিসিবি কার্ডধারী ভোক্তা রয়েছেন। এর মধ্যে পোগলদিঘা ইউনিয়নে রয়েছেন ৩ হাজার ৬৩২ জন। ৩০টি গ্রামের এসব কার্ডধারীর জন্য পণ্য বিতরণ করা হচ্ছে মাত্র তিনটি ডিলারের মাধ্যমে। এর মধ্যে দুটি ডিলারের পণ্য একই স্থানে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ ইউনিয়নে ১১টি ডিলার থাকলেও লাইসেন্স নবায়নের প্রক্রিয়ায় রয়েছে পাঁচটি। বর্তমানে সচল ছয়টি ডিলারের মধ্যে তিনটি ডিলার—মেসার্স আল হাসান, মেসার্স সুমন এন্টারপ্রাইজ ও মেসার্স তারেক ট্রেডার্স—এর মাধ্যমে টিসিবি পণ্য বিতরণ করা হচ্ছে।

পুঠিয়ারপাড়া গ্রামের বৃদ্ধা রেজিয়া বেগম অন্দু বলেন, “আমার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে এসে গাড়িভাড়া দিয়ে টিসিবির মাল নিতে হয়। যে টাকা বাঁচাতে টিসিবির পণ্য নিই, তার চেয়ে বেশি ভাড়া লাগে। সকাল থেকে তিন-চার ঘণ্টা রোদে দাঁড়িয়ে আছি, এখনও সিরিয়াল আসেনি।”

ভ্যানচালক মোফাজ্জল হোসেন, অটোরিকশাচালক আফজাল মিয়া ও দিনমজুর আয়নাল বলেন, “সারাদিন কাজ করে যা আয় করি, তার অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে টিসিবির পণ্য নিতে এসে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আগে এত কষ্ট করতে হতো না।”

এ বিষয়ে টিসিবির ডিলার মেসার্স সুমন এন্টারপ্রাইজের মালিক রেদোয়ান আহমেদ সুমন বলেন, “সব সময়ই টিসিবির পণ্য বিতরণে কিছু সমস্যা থাকে। কয়েকটি ডিলারের লাইসেন্স নবায়নের কারণে তারা পণ্য তুলতে পারেনি। ফলে চাপ আমাদের ওপর পড়েছে। এ ছাড়া নেটওয়ার্ক সমস্যার কারণে কার্ড ভেরিফাই করতে সময় লাগছে।”

ভোক্তারা জানান, ভোগান্তি কমাতে দ্রুত ডিলারের সংখ্যা বাড়ানো, ছায়াযুক্ত স্থানে পণ্য বিতরণের ব্যবস্থা করা এবং বিতরণ প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা জরুরি।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

ইবোলার টিকা তৈরিতে লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইবোলার টিকা তৈরিতে লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কামরাঙ্গীচরে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

কামরাঙ্গীচরে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

এক ই-মেইলে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

এক ই-মেইলে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App