ভারতের উত্তর প্রদেশে ঈদের নামাজ ও কোরবানি নিয়ে নতুন নির্দেশনা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৭:৪৩ পিএম
ছবি- সংগৃহীত
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নামাজ ও কোরবানি নিয়ে একগুচ্ছ কঠোর নির্দেশনা দিয়েছে ভারতের উত্তর প্রদেশ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, খোলা জায়গা বা জনসমাগমস্থলে কোরবানি দেওয়া যাবে না এবং রাস্তা বন্ধ করে কোনোভাবেই ঈদের নামাজ পড়া চলবে না। একই সঙ্গে ‘নিষিদ্ধ পশু’ কোরবানির বিরুদ্ধে রাজ্য সরকারের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতির কথাও পুনর্ব্যক্ত করেছেন তিনি।
গত রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত রাজ্যের উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী। যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দিয়ে বলেন, জনসমাগমস্থল বা খোলা জায়গায় পশু কোরবানি করতে দেওয়া হবে না। কোরবানি দিতে হবে কেবল পূর্বনির্ধারিত ও নির্দিষ্ট স্থানেই। এ ছাড়া উৎসব ঘিরে কোনো এলাকায় নতুন কোনো রীতি বা প্রথা চালু করা যাবে না।
নামাজ আদায়ের ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন, ঈদের নামাজ শুধু প্রচলিত ও নির্ধারিত ঈদগাহ বা মসজিদেই আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য সড়ক বা রাস্তা বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না।
এ ছাড়া রাজ্যের বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানান যোগী আদিত্যনাথ। পবিত্র ঈদুল আজহা চলাকালে রাজ্যের সর্বত্র নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
