আজিমপুর কলোনির পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:২৪ পিএম
ছবি: ফাইল ফটো
রাজধানীর আজিমপুর সরকারি কলোনির একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে জাহিন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জাহিন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়।
জাহিনকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মাহির আহমেদ জানান, দুপুরে জাহিন তার বাসায় বেড়াতে আসে। পরে তারা আজিমপুর সরকারি কলোনির ভেতরে ঘুরতে বের হয়। একপর্যায়ে একটি পুকুর দেখে গোসল করতে চায় জাহিন। তবে সে সাঁতার জানত না বলে মাহির তাকে পানিতে নামতে নিষেধ করে। এরপরও জাহিন পানিতে নামে এবং কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায়।
মাহিরের চিৎকার শুনে কোয়ার্টারের নিরাপত্তাকর্মীরা ছুটে এসে পানির নিচ থেকে জাহিনকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় লালবাগ থানাকে অবহিত করা হয়েছে।
