বাস-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়ে নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি: সংগৃহীত
বগুড়ার কাহালুতে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু থানার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাজীপাড়া এলাকার জেনি আক্তার (৩৮) ও তার মেয়ে তাইফা আয়েশা তনু (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার দুপচাঁচিয়ায় চিকিৎসক দেখিয়ে তারা অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাহালু থানার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বগুড়া থেকে নওগাঁগামী ‘এভার গ্রীন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জেনি আক্তার ও তার মেয়ে তনু মারা যান। এ দুর্ঘটনায় অটোরিকশাচালক মো. শাওন (১৮) গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে কাহালু থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
