লেবাননে আবারো ইসরায়েলি হামলা, নিহত ১০
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ০১:৪১ পিএম
ছবি: সংগৃহীত
লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
শনিবার (২৩ মে) এ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে বৈরুতের সরকার ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
নতুন হামলাগুলো সিরিয়া সীমান্তের কাছে একটি এলাকা লক্ষ্য করে করা হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, শুক্রবার মধ্যরাতের কিছু আগে দক্ষিণ লেবাননের ব্রিতাল এলাকার পার্বত্য নাবি স্রেইজ অঞ্চলে পাঁচটি বিমান হামলা চালানো হয়। এই এলাকাটি গত ১৭ এপ্রিল হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতির পর তুলনামূলকভাবে শান্ত ছিল।
দক্ষিণ শহর টাইরের এক সাংবাদিক জানিয়েছেন, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। একটি বিস্ফোরণ শহরের উপকণ্ঠে একটি ভবনে আঘাত হানে, এরপর শহরের ভেতরেও আরেকটি হামলা হয়। হামলার আগে লেবাননের সিভিল ডিফেন্স ও স্থানীয় পুলিশ মাইকিং করে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় এবং অনেককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ইসরায়েলি সেনাবাহিনী আরব ভাষার মুখপাত্র আভিচাই আদ্রায়ি মাধ্যমে দুটি সতর্কবার্তা জারি করে। একটিতে দক্ষিণ লেবাননের বুর্জ রহাল গ্রামের বাসিন্দাদের সরিয়ে যেতে বলা হয়, কারণ সেখানে সামরিক অভিযান চালানো হতে পারে বলে জানানো হয়।
আরেক সতর্কবার্তায় টাইরের দুইটি এলাকার মানুষকে সরে যেতে বলা হয়, কারণ ওই এলাকাগুলোকে হিজবুল্লাহর ঘাঁটির কাছাকাছি বলে দাবি করা হয়েছে, যেখানে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান চালাতে পারে। এই হামলা ও পাল্টা উত্তেজনার মধ্য দিয়ে ইসরায়েল এবং লেবানন সীমান্তে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন উদ্ধারকর্মী এবং একজন শিশু রয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণ লেবাননের টাইর শহরের কাছে ডেইর কানুন আল-নাহর গ্রামে হামলায় দুইজন উদ্ধারকর্মী ও একটি সিরীয় মেয়ে নিহত হন।
