পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:১৭ পিএম
ফাইল ছবি
ময়মনসিংহের ফুলপুরে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুজনের প্রাণ গেছে। শুত্রবার (১৫ মে) বেলা সোয়া ২টার দিকে রূপসী ইউনিয়নের ভাট্টা গ্রামে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানার এসআই মো. আবুল বাশার এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন- ওই এলাকার শুক্কুর আলীর ছেলে তাজউদ্দিন (৪০) ও মিয়া হোসেনের ছেলে আরশব আলী (৬০)।
পুলিশ ও স্থানীয় বলছে, তাইজউদ্দিন বাড়ির পাশেই খড় শুকানোর কাজ করছিলেন। ঝড়ো বাতাসে ছিঁড়ে পড়ে থাকা একটি বিদ্যুতের তার খড়ের নিচে চাপা ছিল। বিষয়টি তার জানা ছিল না। খড় শুকানোর এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি ওই তারের সংস্পর্শে এলে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় মাঠে কাজ করতে যাওয়ার পথে আরশব আলী তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে এগিয়ে যান। তখন তিনিও বিদ্যুতায়িত তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এসআই আবুল বাশার বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
