ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় দুই প্রবাসী নিহত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) এবং শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)।
পারিবারিক সূত্রে জানা গেছে, জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ছিলেন। সম্প্রতি তারা দেশে ফেরেন। সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মোটরসাইকেলে করে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন দুইজন। পথে সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ আরও জানায়, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
