সোনারগাঁওয়ের সাবেক এমপি বাহাউল হক আর নেই
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পিএম
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু নূর মোহাম্মদ বাহাউল হক মৃত্যু বরণ করেছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকাস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি জাতীয় পার্টির (এরশাদ) মনোনয়নে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসন থেকে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজা বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা সোনারগাঁও উপজেলার গোয়ালদী গ্রামে বাদ আসর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার প্রতিষ্ঠিত বাহাউল হক একাডেমির আঙিনায় দাফন করা হবে।
রাজনৈতিক জীবনের পাশাপাশি আবু নূর মোহাম্মদ বাহাউল হক শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি সোনারগাঁওয়ে বাহাউল হক টেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ কায়সার, লিয়াকত হোসেন খোকা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম।
এছাড়া শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় সূরা সদস্য ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া, সোনারগাঁও প্রেস ক্লাব, সোনারগাঁও রিপোর্টার্স ক্লাব এবং এনসিপির জাতীয় যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ।
