×

চট্টগ্রাম

কুমিল্লার মেঘনা

২০ সরকারি দপ্তরে তীব্র জনবল সংকট, বাড়ছে ভোগান্তি

Icon

মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৫:১৫ পিএম

২০ সরকারি দপ্তরে তীব্র জনবল সংকট, বাড়ছে ভোগান্তি

ফাইল ছবি

কুমিল্লার মেঘনা উপজেলার ২০টি সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মকর্তা-কর্মচারীর তীব্র সংকট প্রকট আকার ধারণ করেছে। অধিকাংশ দপ্তরের গুরুত্বপূর্ণ পদ বছরের পর বছর শূন্য থাকায় সরকারি সেবা কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে। ফলে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন সাধারণ সেবাপ্রার্থীরা।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অধিকাংশ দপ্তরেই চাহিদার তুলনায় কর্মরত জনবল অনেক কম। ফলে বিপুলসংখ্যক পদ শূন্য পড়ে আছে এবং সেবাপ্রদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তথ্য অনুযায়ী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৭৭টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৪৭ জন; শূন্য রয়েছে ৩০টি পদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ৩৩টি পদের বিপরীতে কর্মরত ১২ জন; শূন্য ২১টি পদ। প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ৩টি পদের বিপরীতে কর্মরত ১ জন; শূন্য ২টি পদ।

উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ১২টি পদের বিপরীতে মাত্র ৩ জন কর্মরত থাকায় ৯টি পদ খালি রয়েছে। পল্লী উন্নয়ন কার্যালয়ের একমাত্র কর্মকর্তার পদটিও শূন্য রয়েছে।

এ ছাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৫৪টি পদের বিপরীতে কর্মরত ২৬ জন; শূন্য ২৮টি পদ। সমাজসেবা অধিদপ্তরে ৮টি পদের মধ্যে কর্মরত মাত্র ২ জন; শূন্য ৬টি পদ। সমবায় কার্যালয়ে ৩টি পদের বিপরীতে কর্মরত ১ জন; শূন্য ২টি পদ।

মাধ্যমিক শিক্ষা অফিসের ৪টি পদের বিপরীতে কর্মরত ১ জন; শূন্য ৩টি পদ। প্রাথমিক শিক্ষা অফিসে ৫টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১ জন; শূন্য ৪টি পদ।

এ ছাড়া যুব উন্নয়ন কার্যালয়ে ৬টি পদের বিপরীতে কর্মরত ২ জন; শূন্য ৪টি পদ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলীর কার্যালয়ে ৩টি পদের বিপরীতে কর্মরত ১ জন; শূন্য ২টি পদ।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মেঘনা সাব-জোনাল অফিসে ৭টি পদের বিপরীতে কর্মরত ৩ জন; শূন্য ৪টি পদ। উপজেলা পরিসংখ্যান অফিসের ২টি পদই খালি রয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকে ১৯টি পদের বিপরীতে কর্মরত ১০ জন; শূন্য ৯টি পদ।

এ ছাড়া দারিদ্র্য বিমোচন কার্যালয়ের ২টি পদ, উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের ৮টির মধ্যে ৬টি এবং উপজেলা মৎস্য কার্যালয়ের ৪টির মধ্যে ২টি পদ শূন্য রয়েছে। সব মিলিয়ে উপজেলার প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরেই জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতোমধ্যে বিষয়টি অবহিত করেছেন। আমিও বিষয়টি মাননীয় সংসদ সদস্যকে লিখিতভাবে জানিয়েছি। তিনি ডিও লেটারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

২০ দিনে রেমিট্যান্স এলো ৩২ হাজার কোটি টাকা

ইবোলার টিকা তৈরিতে লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইবোলার টিকা তৈরিতে লাগতে পারে ৯ মাস: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কামরাঙ্গীচরে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

কামরাঙ্গীচরে ভবন থেকে পড়ে এসি মিস্ত্রির মৃত্যু

এক ই-মেইলে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

এক ই-মেইলে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App