×

বরিশাল

২৫ মণের ‘ডোনাল্ড ট্রাম্পে’র দাম ৯ লাখ, কিনলেই ছাগল উপহার

Icon

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৪:৫৭ পিএম

২৫ মণের ‘ডোনাল্ড ট্রাম্পে’র দাম ৯ লাখ, কিনলেই ছাগল উপহার

ছবি: ভোরের কাগজ

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বিশাল আকৃতির একটি ষাঁড়। ২৫ মণ ওজনের এই গরুর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। ব্যতিক্রমী নাম, বিশাল আকৃতি আর অভিনব অফারের কারণে ইতোমধ্যেই গরুটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। খামার মালিক গরুটির দাম হাঁকিয়েছেন ৯ লাখ টাকা। আর কেউ কিনলে উপহার হিসেবে দেওয়া হবে একটি খাসি ছাগল।

রাজাপুর উপজেলার মঠবাড়ি গ্রামের ফাহিয়ান অ্যাগ্রো ফার্মে গেলেই দেখা মিলবে আলোচিত এই ষাঁড়টির। দুই বছর বয়সী ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন খামারের প্রধান আকর্ষণ। বিশাল দেহের কারণে গরুটিকে সারাক্ষণ মোটা দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন একনজর দেখতে।

খামার সূত্রে জানা গেছে, সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন-পালন করা হয়েছে গরুটিকে। নিয়মিত ঘাস, খড়, ভুট্টা ও দানাদার খাবার খাওয়ানোর পাশাপাশি বিশেষ যত্ন নেওয়া হয় তার। খামারের কর্মচারীরা জানান, গরুটিকে প্রতিদিন গোসল করানো হয় এবং স্বাস্থ্য ঠিক রাখতে আলাদা পরিচর্যা করা হয়।

ফাহিয়ান অ্যাগ্রো ফার্মের উদ্যোক্তা ফারিয়া আক্তার ইলা জানান, ২০২৩ সালে শখের বসে একটি গরু পালন দিয়ে যাত্রা শুরু হয়েছিল তার। পরে ধীরে ধীরে বড় পরিসরে খামার গড়ে তোলেন। খামারে দেশি-বিদেশি জাতের ৬০টিরও বেশি গরু ছিল। ইতোমধ্যে তাদের খামারের ৩০টি গরু বিক্রি হয়েছে। এবারের কোরবানির ঈদে প্রায় এক কোটি টাকার পশু বিক্রির আশা করছেন।

তিনি আরও বলেন, তার এই সফলতার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রবাসী স্বামী মো. সুমন খান এবং অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা গোলাম ফারুক তালুকদার।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডোনাল্ড ট্রাম্প’-এর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই দর্শনার্থীদের ভিড় আরও বেড়েছে। অনেকে পরিবার নিয়ে খামারে এসে ছবি তুলছেন, ভিডিও করছেন। নিলয় নামে এক দর্শনার্থী বলেন, “ফেসবুকে দেখে এসেছি। গরুটা সত্যিই অনেক বড়। সামনে থেকে দেখে খুব ভালো লাগছে।”

খামারের এক কর্মচারী বলেন, “গরুটারে আমরা অনেক যত্নে পালন করছি। নিয়মিত খাবার দেই, গোসল করাই। মানুষ অনেক দূর দূর থেইকা দেখতে আসে।” ফাহিয়ান অ্যাগ্রো ফার্মের মালিক মো. সুমন খান বলেন, “ছোট পরিসরে শুরু করেছিলাম। এখন আল্লাহর রহমতে অনেক বড় হয়েছে। ‘ট্রাম্প’ আমাদের সবচেয়ে বড় গরু। এর দাম চাওয়া হচ্ছে ৯ লাখ টাকা। কেউ কিনলে একটি খাসি ছাগল উপহার দেওয়া হবে।”

স্থানীয়রা বলছেন, কোরবানির ঈদ এলেই বড় আকৃতির পশুর পাশাপাশি ব্যতিক্রমী নামের গরু নিয়ে বাড়তি আগ্রহ তৈরি হয়। প্রতি বছরই বিভিন্ন খামারে ‘রাজা’, ‘সুলতান’, ‘বাহুবলী’ কিংবা আলোচিত ব্যক্তিদের নামে গরুর নাম রাখা হয়। আর এসব নামই ক্রেতা ও দর্শনার্থীদের আকর্ষণ বাড়িয়ে তোলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের ইউরেনিয়াম কেড়ে নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের ইউরেনিয়াম কেড়ে নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ২৯

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ২৯

কিউবাকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ আখ্যা

কিউবাকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ আখ্যা

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App