×

আন্তর্জাতিক

কিউবাকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ আখ্যা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:৫০ পিএম

কিউবাকে যুক্তরাষ্ট্রের ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ আখ্যা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি- সংগৃহীত

কিউবাকে যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘জাতীয় নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির বর্তমান নেতৃত্বের চরিত্র বিবেচনায় শান্তিপূর্ণ চুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ বলেও মন্তব্য করেছেন তিনি। কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন আদালতে হত্যা মামলার অভিযোগ গঠনের একদিন পরই এই মন্তব্য করলেন রুবিও।

বৃহস্পতিবার (২১ মে) সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, কিউবা এই অঞ্চলের সন্ত্রাসবাদের অন্যতম বড় মদদদাতা। তবে যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রুবিওকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তিনি বলেন, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না। উল্টো যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে কিউবার ওপর সামরিক আগ্রাসনের উসকানি দিচ্ছে।

১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে চার মার্কিন নাগরিক হত্যার ঘটনায় ৯৫ বছর বয়সী রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ এনেছে ওয়াশিংটন। তাকে কীভাবে মার্কিন আদালতে বিচারের মুখোমুখি করা হবে—সাংবাদিকদের এমন প্রশ্নে কৌশলী জবাব দিয়েছেন রুবিও। তিনি বলেন, কৌশলগত কারণে তাদের পরিকল্পনা এখনই গণমাধ্যমে ফাঁস করা হবে না। তবে ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ স্পষ্ট করেছেন, ওয়াশিংটন আশা করছে রাউল কাস্ত্রো নিজে থেকেই অথবা অন্য কোনো উপায়ে মার্কিন আদালতে হাজির হবেন।

পর্যবেক্ষকরা এই ঘটনাকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কঠোর পদক্ষেপের সাথে তুলনা করছেন। বর্তমানে তীব্র জ্বালানি সংকট ও খাদ্য ঘাটতির কারণে কিউবার জনজীবন বিপর্যস্ত। মার্কিন অবরোধের ফলেই এই সংকট আরও ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই হাভানার ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছে ট্রাম্প প্রশাসন।

এদিকে রুবিও দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের দেওয়া ১০ কোটি ডলারের মানবিক সহায়তার প্রস্তাব গ্রহণ করেছে হাভানা। পাশাপাশি ফ্লোরিডা থেকে কিউবার প্রভাবশালী সামরিক নিয়ন্ত্রিত সংস্থা জিএইএসএ-এর এক শীর্ষ কর্মকর্তার বোন আডিস লাস্ট্রেস মোরেরাকে গ্রেফতারের খবরও নিশ্চিত করেছেন তিনি। তার বিরুদ্ধে হাভানার কমিউনিস্ট সরকারকে সহায়তার অভিযোগ রয়েছে এবং বর্তমানে তিনি মার্কিন অভিবাসন বিভাগের হেফাজতে আছেন।

অন্যদিকে ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিউবাকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘গত ৫০-৬০ বছর ধরে অন্য প্রেসিডেন্টরা বিষয়টি দেখেছেন। তবে মনে হচ্ছে এবার আমিই এটি সমাধান করব এবং এটি করতে পেরে আমি খুশি।’

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন আদালতের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে জবরদস্তি ও হুমকি বন্ধ করার আহ্বান জানিয়েছে। ক্রেমলিন জানিয়েছে, হাভানার ওপর ওয়াশিংটনের এই চাপ প্রয়োগের ঘটনা ‘সহিংসতার কাছাকাছি’ পৌঁছেছে।

চলতি মাসের শুরুতেই এক নির্বাহী আদেশের মাধ্যমে কিউবার জ্বালানি, প্রতিরক্ষা ও আর্থিক খাতের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প। এর মধ্যেই দ্বীপ রাষ্ট্রটির কাছাকাছি মার্কিন নজরদারি ফ্লাইট বৃদ্ধি এবং সিআইএ পরিচালকের সাম্প্রতিক মন্তব্যে দুই দেশের মধ্যকার কূটনৈতিক উত্তেজনা এখন চরমে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরান যুদ্ধের মধ্যে ছেলের বিয়েতে যাওয়া নিয়ে দোটানায় ট্রাম্প

ইরান যুদ্ধের মধ্যে ছেলের বিয়েতে যাওয়া নিয়ে দোটানায় ট্রাম্প

কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া

রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া

এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি ফসিল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App