×

আবহাওয়া

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০১:০৬ পিএম

তীব্র গরমে স্বস্তির পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

কয়েক দিনের ভ্যাপসা গরমে সারা দেশে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২৫ এপ্রিল) সংস্থাটি জানিয়েছে, আগামী দু-এক দিনের মধ্যে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কমতে শুরু করবে।

গত কয়েক দিন ধরে দেশে তাপমাত্রা ক্রমাগত বাড়ছিল। শুক্রবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে ঢাকা, পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, ফেনী, রাঙামাটি, বান্দরবান, মাদারীপুর, গোপালগঞ্জ, পটুয়াখালী ও লক্ষ্মীপুর জেলা এবং পুরো খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

তবে উত্তরের বিভিন্ন জেলায় ইতোমধ্যে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সেখানে ২৬ মিলিমিটার বৃষ্টিপাতও হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া রংপুর, দিনাজপুর ও সৈয়দপুরসহ কয়েকটি এলাকায় দিনের তাপমাত্রা অন্তত ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগেও গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেয়েছে।

আরো পড়ুন : ২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির বলেন, উত্তরের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। ধীরে ধীরে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও বৃষ্টি হয়ে গরম কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। পাশাপাশি দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের নদীপথে হঠাৎ ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। নৌ দুর্ঘটনা এড়াতে এসব এলাকায় ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

কবির আরো বলেন, ঢাকায় আজ বিকেল বা সন্ধ্যার দিকে বৃষ্টি হতে পারে। আজ না হলেও আগামীকাল সকাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বা পরশু থেকে ঢাকার তাপমাত্রা কমতে শুরু করবে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পরশুর মধ্যে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার 'মেরিল-প্রথম আলো পুরস্কার' পেলেন যারা

এবার 'মেরিল-প্রথম আলো পুরস্কার' পেলেন যারা

জামায়াতকে কড়া বার্তা মির্জা ফখরুলের

জামায়াতকে কড়া বার্তা মির্জা ফখরুলের

তীব্র গরমে এনার্জি ধরে রাখার ৭ কার্যকর উপায়

তীব্র গরমে এনার্জি ধরে রাখার ৭ কার্যকর উপায়

৪৬ ঘণ্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

৪৬ ঘণ্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App