এবার 'মেরিল-প্রথম আলো পুরস্কার' পেলেন যারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম
ছবি: সংগৃহীত
এবারের আসরে প্রেক্ষাগৃহের চলচ্চিত্র, ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওটিটি কনটেন্ট সব মাধ্যমের কাজকে গুরুত্ব দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী।
আজীবন সম্মাননা পান এম এ আলমগীর এবং বিশেষ সম্মাননা দেওয়া হয় সংগীতশিল্পী জেমসকে।
সমালোচক বিভাগে সেরা ওয়েব সিরিজ হিসেবে পুরষ্কৃত হয় 'গুলমোহর' যার পরিচালক রেদওয়ান রনি। একই সিরিজের জন্য সেরা পরিচালক হন সৈয়দ আহমেদ শাওকী। ওয়েব সিরিজে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পান জয়া আহসান (জিম্মি) এবং সেরা অভিনেতা হন নাসির উদ্দিন খান (মাইশেলফ অ্যালেন স্বপন-২)।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয় সাবা, যার পরিচালক আরিফুর রহমান। সেরা পরিচালক হন পিপলু আর খান (জয়া আর শারমিন)। 'সাবা' ছবির জন্য সেরা অভিনেত্রী হন মেহজাবীন চৌধুরী এবং 'উড়াল' ছবির জন্য যৌথভাবে সেরা অভিনেতা নির্বাচিত হন মাহাফুজ মুন্না ও শান্ত চন্দ্র সূত্রধর।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তোমাদের গল্প এর জন্য সেরা চিত্রনাট্যকার ও পরিচালক হন যথাক্রমে সিদ্দিক আহমেদ ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ভালো থেকো নাটকের জন্য তানজিম সাইয়ারা তটিনী সেরা অভিনেত্রী এবং খুব কাছেরই কেউ নাটকের জন্য এফ এস নাঈম সেরা অভিনেতা নির্বাচিত হন।
তারকা জরিপ বিভাগে প্রেক্ষাগৃহ ও ডিজিটাল চলচ্চিত্রে সেরা চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয় 'উৎসব' (তানিম নূর)। দাগি সিনেমার জন্য তমা মির্জা সেরা অভিনেত্রী এবং আফরান নিশো সেরা অভিনেতা নির্বাচিত হন।
টিভি নাটক ও ডিজিটাল মাধ্যমে কেয়া পায়েল (এটা আমাদেরই গল্প) সেরা অভিনেত্রী এবং ফারহান আহমেদ জোভান (তোমাদের গল্প) সেরা অভিনেতা নির্বাচিত হন। সংগীতে সেরা গায়িকা হন জেফার রহমান ('লিচুর বাগানে', 'তাণ্ডব') এবং সেরা গায়ক ইমরান মাহমুদুল ('কন্যা', 'জ্বীন ৩')। নবাগত অভিনয়শিল্পী হিসেবে পুরস্কার পান শাম্মি ইসলাম নীলা (ফার্স্ট লাভ)।
