‘বেনজীরের পার্টনারদের তদন্তের আওতায় আনা হবে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৪:১৮ পিএম
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের পার্টনারদের খোঁজ করছে দুর্নীতি দমন কমিশন। দেশে-বিদেশে তার সঙ্গে যারা বিভিন্নভাবে অংশীদার এবং ব্যবসায়িক পার্টনার রয়েছেন তাদের তদন্তের আওতায় আনা হবে। দুদক বলেন, ইতোমধ্যে বেশ কিছু নাম পাওয়া গেছে। সময় হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেনজীরের অগাধ সম্পদের তদন্ত করতে গিয়ে তার অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের হদিস মিলেছে। দুবাইকেন্দ্রিক ব্যবসার অনুসন্ধান করতে গিয়ে তার কয়েকজন পার্টনারের সন্ধান পাওয়া গেছে। লন্ডনেও তার দু-একজন ঘনিষ্ঠ সহযোগী রয়েছেন।
চাকরিতে থাকা অবস্থায় তিনি একাধিকবার সিঙ্গাপুর, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। সেসব দেশে তার ব্যবসার খোঁজখবর নেওয়া হচ্ছে। দুবাইয়ে তার হোটেল ব্যবসার বিষয়ে তদন্ত হচ্ছে। সেখানেও রয়েছে ব্যবসায়িক অংশীদার।
র্যাবের মহাপরিচালক ও পুলিশ প্রধান হিসেবে তার বিভিন্ন উদ্যোগ ও বক্তব্য আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ২০১৮ সালের নির্বাচনেও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে সরকারি দলকে সুবিধা দেয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। শুধু বিরোধী দল নয়, তার ক্ষমতার দাপটে তটস্থ ছিলেন সরকারের মন্ত্রী-এমপিরাও।
বিভিন্ন সময়ে তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ। যেটি করতে গিয়ে করেছেন অসংখ্য বেফাঁস মন্তব্য। বেনজীর আহমেদ র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় বাহিনীটির বিরুদ্ধে বিভিন্ন সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠে। কিন্তু বেনজীর সেসব হত্যাকাণ্ডকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলতে নারাজ ছিলেন।
টিআইবি নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন সাবেক আইজিপির দুর্নীতির সহযোগীদেরও অবশ্যই তদন্তের আওতায় আনতে হবে। তিনি তার ক্ষমতার অপব্যবহার করে যে সম্পদের বিকাশ ঘটিয়েছেন এটি একা করেননি। যোগসাজশে করেছেন। তিনি যে সম্পদ এবং অর্থ উপার্জন করেছেন, সেটি ক্ষমতার অপব্যবহারেই করেছেন তা পরিষ্কার।
যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ অনুসন্ধানের অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অনুসন্ধানে এসব দেশে সম্পদের খোঁজ পাওয়া গেলে শুরু হবে পরবর্তী কার্যক্রম।
দুর্নীতি দমন কমিশন আগামী ৬ ও ৯ জুন বেনজীর আহমেদ এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনে তলব করেছে। কিন্তু এই দুই দিন বেনজীরের পরিবারের সদস্যরা দুর্নীতি দমন কমিশনে আসবে কি না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
