পানিতে ডুবে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ১০:১০ পিএম
মৃত দুই শিক্ষার্থী। ছবি সংগৃহীত
মুন্সীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ডুবে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জ শহরের দেওভোগ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। তারা দুজনই ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, ঢাকার ১৩ জন বন্ধুকে নিয়ে মুন্সীগঞ্জের গ্রামের বাড়িতে বেড়াতে আসে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোপান। দুপুরের খাওয়া-দাওয়া শেষে বিকেল সাড়ে ৪টার দিকে লাবিব ওয়াদি সোপান ও আজওয়াদ তওসিফ গ্রামের বাড়ির নিজস্ব পুকুরে গোসল করতে নামেন। সাঁতার না জানায় আজওয়াদ পুকুরের পানিতে তলিয়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে সোপানও পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
মৃত সোপান মুন্সীগঞ্জের পশ্চিম দেওভোগ এলাকার মৃত মোস্তাকুর রহমানের ছেলে এবং আজওয়াদ ঢাকার মিরপুর এলাকার রিপন মিয়ার ছেলে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. মোহাম্মদ ইউসুফ আলী সরকার দুই ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
