×

খেলা

ম্যানচেস্টার সিটিতে শেষ হচ্ছে গার্দিওলা অধ্যায়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৪:০৯ পিএম

ম্যানচেস্টার সিটিতে শেষ হচ্ছে গার্দিওলা অধ্যায়

পেপ গার্দিওলা। ছবি- সংগৃহীত

ম্যানচেস্টার সিটির ডাগআউটে সেই চিরচেনা অস্থির পায়চারি, মাথায় হাত দিয়ে আফসোস কিংবা লাফিয়ে উচ্ছ্বাস প্রকাশের চেনা দৃশ্য আর দেখা যাবে না। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে সফল অধ্যায়ের লেখক পেপ গার্দিওলা বিদায় নিচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এই স্প্যানিশ কোচ। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচটিই হতে যাচ্ছে সিটির ডাগআউটে গার্দিওলার শেষ ম্যাচ। ওই দিনই আসতে পারে তার বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা।

২০১৬ সালে গার্দিওলা যখন ম্যানচেস্টারে পা রাখেন, তখন ইংলিশ ফুটবলের গতি ও শারীরিক ফুটবলের সঙ্গে তার তিকিতাকা দর্শনের মানিয়ে নেওয়া নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। তবে পেপ শুধু সফলই হননি, ইংলিশ ফুটবলকে নতুন রূপ দিয়েছেন। ইতিহাদে তার অধীনে সিটি জিতেছে ২০টি শিরোপা। যার মধ্যে রয়েছে টানা চারটিসহ মোট ছয়টি প্রিমিয়ার লিগ এবং ক্লাবের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়নস লিগ।

গার্দিওলার বিদায় উপলক্ষে আগামী সোমবার ম্যানচেস্টারের রাস্তায় একটি ছাদখোলা বাসে প্যারেডের পরিকল্পনা করা হয়েছে। বিকেল ৪টায় ম্যানচেস্টারের নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু হয়ে প্যারেডটি শেষ হবে ইতিহাদ স্টেডিয়ামের কলিন বেল স্ট্যান্ডের সামনে।

গার্দিওলা চলে গেলে সিটির শূন্য আসনে কে বসবেন, তা নিয়ে এখনই গুঞ্জন শুরু হয়েছে। এই দৌড়ে আলোচনায় আছেন চেলসির সাবেক কোচ এনজো মারেসকা এবং বায়ার্ন মিউনিখের বর্তমান কোচ ও সিটিরই সাবেক কিংবদন্তি ভিনসেন্ট কোম্পানি।

বিদায়ের আগে গার্দিওলার সামনে এখনো সুযোগ আছে ঘরোয়া ট্রেবল জয়ের। গত শনিবারই চেলসিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ জিতেছে সিটি। প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে আজ বার্নলিকে ১-০ গোলে হারিয়ে ৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। অন্যদিকে ৩৬ ম্যাচে সিটির পয়েন্ট ৭৭। আজ মঙ্গলবার রাতে বোর্নমাউথের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

নামমাত্র ভূমি সেবা মেলা অতিথিরা যেতেই ফাঁকা ভূমি সেবা মেলার স্টল

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

কুরবানির পর হামের টিকার দ্বিতীয় ধাপের ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ওয়াহাব আকন্দকে মন্ত্রী হিসেবে দেখতে চান তৃণমূল

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App