নেইমারকে দলে নেওয়া প্রসঙ্গে যা বললেন আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৫৭ পিএম
ছবি- সংগৃহীত
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বকাপের চূড়ান্ত দলে ডাক পেয়েছেন নেইমার জুনিয়র। সোমবার (১৮ মে) দিবাগত রাতে রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে ব্রাজিলের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন কোচ কার্লো আনচেলত্তি। ৫৫ জনের প্রাথমিক তালিকায় থাকলেও চোটের কারণে চূড়ান্ত দলে তার থাকা নিয়ে তৈরি হয়েছিল সংশয়।
সংবাদমাধ্যম গ্লোবো জানায়, দেশ-বিদেশের বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে জমকালো এই অনুষ্ঠানে নেইমারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে পুরো মিলনায়তন। দল ঘোষণার পর নেইমারকে নেওয়ার কারণ, দলে তার ভূমিকা এবং একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ব্রাজিল কোচ।
৩৪ বছর বয়সী নেইমার ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা (৭৯ গোল)। তবে ২০২৩ সালে হাঁটুর গুরুতর চোটের পর থেকে বারবার চোট ও ফিটনেস সমস্যায় ভুগেছেন তিনি। এমনকি শৈশবের ক্লাব সান্তোসের হয়ে সর্বশেষ ম্যাচেও তাকে কিছুটা অস্বস্তিতে দেখা গেছে। ৬৬ বছর বয়সী ইতালিয়ান কোচ আনচেলত্তিও নেইমারের ফিটনেস নিয়ে নিজের সংশয় পুরোপুরি লুকিয়ে রাখেননি।
নেইমার দলে থাকলেও শুরুর একাদশে তার জায়গা এখনো নিশ্চিত নয় উল্লেখ করে আনচেলত্তি বলেন,‘তিনি এই বিশ্বকাপে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে এখানে তার খেলার, না খেলার কিংবা বেঞ্চে বসে কাটানোরও সম্ভাবনা আছে। প্রথম ম্যাচের আগে তিনি ফিটনেসের আরও উন্নতি করতে পারেন। দলে তার অভিজ্ঞতা ও উপস্থিতি ইতিবাচক পরিবেশ তৈরি করবে। তবে আমি স্পষ্ট বলতে চাই নেইমার যদি খেলার যোগ্য হন, তবেই খেলবেন। একাদশ নিয়ে আমার মনে ধারণা আছে, কিন্তু আমি অনুশীলনে সবার প্রস্তুতি দেখতে চাই।’
দলে কোনো একক তারকার চেয়ে সমষ্টিগত পারফরম্যান্সের ওপর জোর দিচ্ছেন ব্রাজিল কোচ। তিনি বলেন,‘শুধু একজন খেলোয়াড়ের ওপর প্রত্যাশা আটকে রাখা ঠিক নয়। বিশ্বকাপ জয়ের জন্য সবাইকে অবদান রাখতে হবে। আমি শুধু তারকা চাই না, এমন খেলোয়াড় চাই যারা দলকে জেতাতে সাহায্য করবে। নেইমারকে কেবল রিজার্ভ হিসেবে নেওয়া হয়নি, তিনি ১ মিনিটের জন্য খেললেও দলের মান বাড়াবেন।’
দল নির্বাচন নিয়ে এখনই কাটাছেঁড়া না করার অনুরোধ জানিয়ে আনচেলত্তি বলেন,‘এটি হয়তো নিখুঁত দল হয়নি, তবে এই দল বিনয়ী ও নিঃস্বার্থ। ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, কিন্তু শেষ সিদ্ধান্ত আমারই। আজ কেউ বলতে পারবে না যে কোচ ভুল করেছেন। সিদ্ধান্ত ঠিক না ভুল ছিল, তা জুলাইয়ের শেষে বোঝা যাবে।’
