বিশ্বকাপ ফাইনালের বিরতিতে শাকিরাসহ যেসব বিখ্যাত তারকারা গাইবেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৪:৩৪ পিএম
ছবি- সংগৃহীত
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে জমকালো হাফটাইম শো। এই ঐতিহাসিক মঞ্চে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীত তারকা শাকিরা, ম্যাডোনা এবং বিটিএস। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই আয়োজনের মাধ্যমে বিশ্বমানের বিনোদনের সঙ্গে ফুটবলকে এক নতুন উচ্চতায় নেয়ার পরিকল্পনা করেছে ফিফা। পাশাপাশি শিশুদের শিক্ষা উন্নয়নেও তহবিল সংগ্রহ করা হবে এই আয়োজন থেকে। খবর গোল ডটকমের।
আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। সেই ম্যাচের বিরতিতে প্রথমবারের মতো বিশেষ হাফটাইম শো অনুষ্ঠিত হবে। পুরো আয়োজনের তত্ত্বাবধানে রয়েছেন ক্রিস মার্টিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যতিক্রমধর্মী উপায়ে শিল্পীদের নাম ঘোষণা করা হয়, যেখানে অংশ নেন জনপ্রিয় চরিত্র সেসামে স্ট্রিট এবং দ্য মাপেটস।
ফিফা জানিয়েছে, এই বিশেষ কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ব্যয় করা হবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ। এর মাধ্যমে বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবল প্রশিক্ষণের সুযোগ বাড়ানো হবে।
সম্প্রতি শাকিরা বুরনা বয়ের সঙ্গে বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ প্রকাশ করেছেন। অন্যদিকে ম্যাডোনা প্রস্তুতি নিচ্ছেন তার বহুল প্রতীক্ষিত নতুন অ্যালবাম ‘কনফেশনস ২’ প্রকাশের জন্য, যা জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়া কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস সামরিক দায়িত্ব শেষ করে সম্প্রতি সংগীত জগতে জোরালো প্রত্যাবর্তন করেছে। মার্চে প্রকাশিত হয়েছে তাদের ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’।
ফিফা জানিয়েছে, এবারের বিশ্বকাপ ঘিরে তিনটি আয়োজক দেশজুড়ে থাকবে বিশাল সাংস্কৃতিক ও বিনোদনমূলক আয়োজন। আগামী ১২ জুন সো-ফাই স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কেটি পেরি ও ফিউচার। এছাড়া কানাডার টরন্টো ও মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে বিশেষ আয়োজন। সেখানে পারফর্ম করবেন মাইকেল বাবল এবং জে বালভিন।
