বার্সেলোনার ক্লাব কিনলেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পিএম
ছবি- সংগৃহীত
ফুটবল মাঠের জাদুকর থেকে এবার ক্লাব মালিকের ভূমিকায় অবতীর্ণ হলেন লিওনেল মেসি। স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ‘কোর্নেয়া’র মালিকানা কিনে নিয়েছেন বর্তমান বিশ্বসেরা এই ফুটবলার। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছে।
বার্সেলোনার কাতালান অঞ্চলে অবস্থিত এই ক্লাবটি মূলত ফুটবলার তৈরির আতুড়ঘর হিসেবে পরিচিত। জর্দি আলবা, জেরার্ড মার্তিন কিংবা আর্সেনালের বর্তমান গোলরক্ষক ডেভিড রায়ার মতো তারকা ফুটবলাররা এই কোর্নেয়া একাডেমিরই ফসল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্লাবটি জানায়,'লিওনেল মেসির আগমন ক্লাবের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল। আমাদের মূল লক্ষ্য হলো ক্লাবের ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রতিভাবান ফুটবলার তৈরিতে বিনিয়োগ অব্যাহত রাখা।' বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও কৌশলের মাধ্যমে স্থানীয় শিকড়ের সাথে সংযোগ বজায় রেখেই এই প্রকল্পটি পরিচালিত হবে।
বার্সেলোনার সাবেক তারকা জর্দি আলবা ন্যু-ক্যাম্পে যোগ দেওয়ার আগে এই কোর্নেয়া একাডেমিতেই ছয় বছর কাটিয়েছিলেন। এছাড়া বর্তমান অস্টিন এফসি তারকা ইলিয়ে সানচেজও এই একাডেমি থেকেই উঠে এসেছেন। তরুণ প্রতিভাদের বিকশিত করতে গত ডিসেম্বর ২০২৫-এ চেজ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ দলের অংশগ্রহণে প্রথম ‘মেসি কাপ’ আয়োজন করেছিলেন ইন্টার মায়ামি মহাতারকা।
ইউরোপীয় কোনো ক্লাবের একক মালিকানায় এটিই মেসির প্রথম পদার্পণ হলেও, ফুটবল ব্যবসায় এটি তার প্রথম বিনিয়োগ নয়। এর আগে তিনি উরুগুয়ের পেশাদার দল ‘দেপোর্তিভো এলএসএম’-এর অংশীদার হয়েছেন, যেখানে তার সাথে রয়েছেন দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ।
