×

রাজশাহী

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পিএম

অবৈধভাবে ডিজেল মজুত, সাড়ে ৬ হাজার লিটার তেল জব্দ

ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি ও শেরপুরে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে অবৈধভাবে মজুত করা প্রায় সাড়ে ছয় হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ও রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়। জনস্বার্থে প্রশাসনের এমন তড়িৎ পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সরকারি দামে তেলগুলো বিক্রি করা হয়েছে। সেই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। 

সারিয়াকান্দি উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার টিপুর মোড়ে ‘লোপা এন্টারপ্রাইজ’-এর মালিক লোকমান হাকিম কোনো বৈধ লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে খোলা বাজারে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রি করে আসছিলেন। সাম্প্রতিক জ্বালানি সংকটের সুযোগ নিয়ে অধিক মুনাফার আশায় তিনি দোকানে তেল বিক্রি বন্ধ করে মজুত শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে অভিযান চালিয়ে সেখান থেকে চার হাজার লিটার অবৈধ মজুতকৃত ডিজেল জব্দ করা হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান ‘লোপা এন্টারপ্রাইজ’-এর মালিক লোকমান হাকিম ও তার সহযোগীরা। ফলে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই অভিযানে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আসাদুজ্জামানসহ স্থানীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। ডিজেলগুলো সরকারি মূল্যে স্থানীয়দের কাছে বিক্রি করা হয়েছে। ডিজেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধভাবে মজুতকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অপরদিকে, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে বুধবার সন্ধ্যায় রানীরহাট বাজারের ‘মেসার্স বিমল ট্রেডার্সে’ একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে মজুত করা প্রায় ২ হাজার ৫০০ লিটার ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধ মজুতের দায়ে প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র মন্ডলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত ডিজেলগুলো বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেয় প্রশাসন।

উপজেলা প্রশাসন জানায়, ‘বিস্ফোরক লাইসেন্স অনুযায়ী প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পাঁচ হাজার লিটার ডিজেল মজুতের অনুমতি আছে। কিন্তু মালিক স্বপন চন্দ্র মন্ডল প্রায় নয় হাজার লিটার ডিজেল সংগ্রহ করেন। এর মধ্যে কিছু বিক্রি করলেও অবশিষ্ট প্রায় আড়াই হাজার লিটার গোপনে মজুত করেন। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করা হচ্ছিল।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, ‌‘পেট্রোলিয়াম আইনের আওতায় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা ডিজেল কৃষদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

গুলশানে সিসা বারে ডিএনসির অভিযান, ম্যানেজার আটক

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

প্রবাসে তরুণের মৃত্যু, ২০ দিন পর জানলো পরিবার

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

সরকারের সমালোচনা করে ঢাবি ছাত্রদল নেতার পদত্যাগ

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

একই মণ্ডপে ৬৩ জোড়া দম্পতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App