হিলি সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
ছবি : সংগৃহীত
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাঁচজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৩টার দিকে ঘাসুড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।
তিনি জানান, অবৈধভাবে যাতে কোনো ব্যক্তি ভারত থেকে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি অরক্ষিত সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা সংস্থার সহায়তায় নিবিড় নজরদারি অব্যাহত রয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে পুশইনের উদ্দেশ্যে আনা লোকজনকে শুক্রবার রাতে আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়। একইভাবে পাটগ্রামের পয়ষট্টিবাড়ি সীমান্তে বিজিবির বাধার মুখে শূন্যরেখার কাছে অবস্থান করা লোকজনকে শনিবার সকালে নিজেদের ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ।
এদিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আদিতমারীর দুর্গাপুর সীমান্তের ভারতীয় অংশে অবস্থানরত লোকজন শুক্রবার রাতেই দেশটির আরও ভেতরের এলাকায় চলে গেছে।
বিজিবি জানিয়েছে, জেলার সব সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং নিয়মিত টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার ভোরে জেলার চারটি সীমান্ত পয়েন্ট দিয়ে নারী ও শিশুসহ ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।
