মাইজভান্ডারের রেস্টহাউসে ছাত্রলীগের সভা, ২৯ জনের বিরুদ্ধে মামলা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩৯ পিএম
ফাইল ছবি
ফটিকছড়ির মাইজভান্ডারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভা আয়োজনের অভিযোগে সাবেক সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলমসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় আরও ৮০ থেকে ৯০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) রাতে ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিল এলাকার শামসুল আলমের ছেলে জামান বাবু (২৩), একই এলাকার তৌহিদুল আলম মিয়ার ছেলে সাইফুল ইসলাম সজিব (২৫) এবং রেস্টহাউসের কেয়ারটেকার।
মামলার এজাহারে সাবেক মেয়র মঞ্জুরুল আলম ও সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে প্রধান হুকুমদাতা ও পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, বখতিয়ার সাঈদ ইরান, সাবরিনা চৌধুরী, জসিম উদ্দিন মুহুরী, ফোরকান উদ্দিন বাচ্চু ও মো. জসিমসহ আরও অনেকে।
মামলার বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, “নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভা ও মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, গত ৪ জুন সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুরুল আলমের পরিচালনাধীন মাইজভান্ডারের একটি রেস্টহাউসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয় এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে পুলিশ ওই রেস্টহাউসে অভিযান চালিয়ে সজিদের ইমাম ও কেয়ারটেকারকে আটক করে থানায় নিয়ে যায়
