ট্রাকচাপায় প্রাণ গেল এনজিও কর্মীর
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত
জয়পুরহাটে শিল্পকলা একাডেমির সামনে ট্রাকের চাপায় মাহফুজুল ইসলাম মাফু (৪৫) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
শনিবার (২৩ মে) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাফু জয়পুরহাট সদর উপজেলার পালি গ্রামের আব্দুস সামাদের ছেলে। তিনি দিনাজপুরে ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে নিজের কর্মস্থল দিনাজপুর ব্র্যাক অফিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন মাফু। কিন্তু বাড়ি থেকে বের হয়ে মেইন সড়কে উঠতেই একটি অনিয়ন্ত্রিত গতির ট্রাক তাকে চাপা দেয়।
বিকট শব্দে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন। ধাক্কার তীব্রতায় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও দুমড়ে-মুচড়ে যায়। পরে খবর পেয়ে জয়পুরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
