মব সৃষ্টির অভিযোগে নাসীরুদ্দীনকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি ছাত্রদলের
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:১৬ পিএম
ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল করেন জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত
অস্ত্র নিয়ে মব সৃষ্টির অভিযোগে অবিলম্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশ হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে ঝিনাইদহ জেলা ছাত্রদল।
শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরে বিক্ষোভ মিছিল করে সংগঠনটির নেতারা এ দাবি করেন।
আজ দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নাসিরুদ্দীনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, জুমার নামাজ পড়ে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ডিম ছোড়া হয়। পরে তাঁকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাঁকে ঘিরে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে উভয় পক্ষের মধ্যে ইট নিক্ষেপ, লাঠিপেটা ও পাল্টাপাল্টি স্লোগানের ঘটনা ঘটে।
ঝিনাইদহ জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক হামিদ পারভেজ বলেন, নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে এসেছিলেন। মসজিদ থেকে বের হওয়ার সময় ছাত্রদলের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালান। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সাইদুর রহমানসহ কয়েকজন আহত হন। তিনি জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
অন্যদিকে বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী মব সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। তিনি আজও নামাজ শেষে মব সৃষ্টি করতে লোকজন নিয়ে তৎপরতা চালান। এ সময় সংঘর্ষ শুরু হলে অস্ত্র বের করে মহড়া দেন।’ ছাত্রদল সভাপতি বলেন, ‘এ অস্ত্র কোথা থেকে এল, তা খতিয়ে দেখতে হবে। তাঁকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।’
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাউজামান বলেন, ঘটনা জানার পরই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ছাত্রদলের পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনের যে অভিযোগ করা হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতির কারণে জেলা শহরে এনসিপির নির্ধারিত সভা স্থগিত করা হয়েছে।
