স্থানীয় সরকার নির্বাচন
নীলফামারীর দুই উপজেলায় এনসিপি’র প্রার্থী ঘোষণা
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:১৮ পিএম
ফাইল ছবি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর দুটি উপজেলায় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সদর ও জলঢাকা উপজেলায় দলটি প্রাথমিকভাবে দুইজনকে মনোনীত করেছে।
এনসিপি সূত্রে জানা গেছে, নীলফামারী সদর উপজেলায় প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন জেলা শাখার সদস্য সচিব ডা. কামরুল ইসলাম দর্পন, আর জলঢাকা উপজেলায় মনোনয়ন পেয়েছেন দলের উত্তর অঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন। আজ রোববার জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে দলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ বিষয়ে এনসিপি নীলফামারী জেলা শাখার যুগ্ম-সদস্য সচিব আখতারুজ্জামান খান বলেন, “আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রথম ধাপে সারা দেশে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নীলফামারী সদর উপজেলায় ডা. কামরুল ইসলাম দর্পন এবং জলঢাকা উপজেলায় আবু সাঈদ লিওন রয়েছেন।”
দলটির জেলা শাখার আহ্বায়ক আব্দুল মজিদ বলেন, “নীলফামারী ও জলঢাকার পাশাপাশি পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলা ও পৌরসভায় যাঁদের মনোনয়ন দেওয়া হবে, তাঁদের বিজয়ের জন্য আমরা দলের নির্দেশনা অনুযায়ী কাজ করবো।”
