সৌখিন উদ্যোক্তা পারভেজের ‘বাইকুনুর আঙ্গুর’ চাষে সফলতা
আতাউর রহমান জসি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:৪৬ পিএম
ছবি: ভোরের কাগজ
যশোরের ঝিকরগাছায় রাশিয়ান বাইকুনুর জাতের আঙ্গুর চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা পারভেজ হোসেন। নীলাভ-সবুজ রঙের থোকায় থোকায় ঝুলে থাকা আঙ্গুর এখন তাঁর বাগানে দৃষ্টি কাড়ছে দর্শনার্থীদের।
মাগুরা ইউনিয়নের মিশ্রিদেয়াড়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা পারভেজ হোসেন নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। একই সঙ্গে তিনি একজন কৃষি উদ্যোক্তা হিসেবে আঙ্গুর চাষে সফলতার পথে এগিয়ে যাচ্ছেন।
পারভেজ জানান, প্রায় ৯ মাস আগে ইউটিউব থেকে অনুপ্রাণিত হয়ে রাজশাহী থেকে বাইকুনুর জাতের ৭০টি চারা সংগ্রহ করে ১০ কাঠা জমিতে আঙ্গুর চাষ শুরু করেন। প্রতি চারা ৩০০ টাকা দরে কেনা হয়। বীজতলা তৈরি, কংক্রিটের খুঁটি, জিআই তারের নেট, জৈব সার, স্প্রে ও শ্রমসহ তাঁর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ টাকা।
তিনি বলেন, পরিচর্যার ৯ মাস পর গাছে ফুল ও ফল আসে। পরে আঙ্গুর সবুজ থেকে গোলাপি হয়ে নীলাভ রঙ ধারণ করে পাকে। এই জাতের আঙ্গুর ২০ থেকে ২৫ বছর পর্যন্ত ফলন দিতে সক্ষম বলেও জানান তিনি।
বর্তমানে তাঁর বাগানে প্রায় ২ থেকে ৩ মন আঙ্গুর রয়েছে। পাইকাররা প্রতি কেজি ৪৫০ থেকে ৫০০ টাকা দরে কিনছেন বলে জানান পারভেজ। পাশাপাশি খুচরা ক্রেতা ও দর্শনার্থীরা সরাসরি বাগান থেকে আঙ্গুর কিনছেন এবং অনেকেই ছবি তুলতে আসছেন।
পারভেজ জানান, তাঁর লক্ষ্য বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ সম্প্রসারণ করা। তবে উন্নত প্রযুক্তি, বিশেষ করে বীজমুক্ত আঙ্গুর উৎপাদনে সরকারি সহযোগিতা প্রয়োজন বলে তিনি মনে করেন।
উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা তাঁর বাগান পরিদর্শন করে পরামর্শ দিয়েছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি।
পারভেজ আরও বলেন, লেখাপড়ার পাশাপাশি পরিকল্পিতভাবে কাজ করলে কৃষিতেও সফল উদ্যোক্তা হওয়া সম্ভব। তাঁর স্বপ্ন আঙ্গুর চাষকে আরও বিস্তৃত করে তরুণদের কৃষি উদ্যোক্তা হতে অনুপ্রাণিত করা।
