হাদি হত্যার বিচার দাবিতে আবারো ইনকিলাব মঞ্চের বিক্ষোভের ডাক
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:১১ পিএম
ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত ও খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় মশাল মিছিল এবং শুক্রবার বাদ জুম্মা সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে প্লাটফর্মটি।
বুধবার (৩ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানেও কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নানা অপপ্রচার চালানো হয়েছে। এ পর্যন্ত ১৪-১৫ বার তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছে। তারা আর তা পেছাতে দেবেন না।
তিনি আরও বলেন,‘পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনতে ভারত সম্মত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, যার সঙ্গে বৈঠক হয়েছে, সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাঁকে চুপ থাকতে বলা হয়েছে। খুনিদের কবে ফিরিয়ে আনা হবে, আমরা স্পষ্ট তারিখ চাই।’
এখনো সিভিল-মিলিটারি-ইন্টেলিজেন্সে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে উল্লেখ করে তিনি বলেন, তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ওসমান হাদির কবরে কোনো নামফলক নেই বলে তিনি জানান এবং আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভে স্বাধীনতাকামী জনগণকে রাস্তায় নামার আহ্বান জানান।
ওসমান হাদির সাম্প্রতিক দুটি পোস্ট প্রসঙ্গে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘তিনি কেন এমন পোস্ট দিয়েছেন, তিনিই ভালো বলতে পারবেন। তবে নির্বাচনকে কেন্দ্র করে নানা নেগোসিয়েশন হয়েছে। আমার জানামতে, বিএনপি ও জামায়াত উভয়ই বিভিন্ন পর্যায়ে তার সঙ্গে নেগোসিয়েশন করেছে। তারা বলেছে, আপনি অন্য কোনো আসন থেকে নির্বাচন করতে চাইলে আমরা সহায়তা করব। এর বাইরে আমাদের কাছে অন্য কোনো তথ্য নেই।’
