ঈদে ৭ দিন নিরবচ্ছিন্ন সেবা দিল মেট্রোরেল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:২০ পিএম
ছবি : সংগৃহীত
পবিত্র ঈদুল আযহার ছুটিতে রাজধানী ও আশপাশের মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে টানা সাত দিন নিরবচ্ছিন্ন সেবা দিয়েছে করেছে ঢাকা মেট্রোরেল। গত ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত ঈদের আগে ও পরে বিশেষ ব্যবস্থাপনায় এই সেবা দেওয়া হয়।
বুধবার (৩ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তি এই তথ্য জানায়।
ডিএমটিসিএল জানায়, নির্ধারিত হেডওয়ে অনুযায়ী ঈদের দিন ব্যতীত অন্যান্য দিনগুলোতে দৈনিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হয়েছে। একই সময়ে প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী ঢাকা মেট্রোরেল ব্যবহার করে যাতায়াত করেছেন।
যাত্রী চাহিদা বিবেচনায় তাৎক্ষণিকভাবে ট্রিপ সংখ্যা বাড়ানোর জন্য অতিরিক্ত ১০টি ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয় বলে জানায় কর্তৃপক্ষ।
এছাড়া ঈদের ছুটির মধ্যেও ডিএমটিসিএলের সকল কর্মকর্তা-কর্মচারী সরকারি ছুটির দিনেও দায়িত্ব পালন করেন। মেট্রোরেল স্টেশন ও সংলগ্ন এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালিত হয়।
সুষ্ঠু, নিরবচ্ছিন্ন ও নিরাপদ সেবা নিশ্চিত করতে সহযোগিতা করায় যাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারা।
