×

জাতীয়

ঈদ যাত্রা

গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:০৮ পিএম

গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ

ছবি : সংগৃহীত

ঈদুল আজহাকে সামনে রেখে টানা ছুটি শুরু হতে আর মাত্র দুদিন বাকি। তবে যাত্রাপথের ভোগান্তি এড়াতে অনেকে আগেভাগেই বাড়ির পথে রওনা হচ্ছেন। ফলে রাজধানীর বাস টার্মিনালগুলোতে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়।

শুক্রবার (২২ মে) সকাল থেকেই দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা গেছে। রাজধানীর গাবতলী ও কল্যাণপুর বাস কাউন্টার ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় যাত্রীর উপস্থিতি অনেক বেশি। বিভিন্ন পরিবহনের কাউন্টারে টিকিট সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন যাত্রীরা। কোথাও কোথাও কাউন্টারের সামনে দীর্ঘ লাইনও দেখা গেছে। সকাল থেকেই টার্মিনাল এলাকায় ঘরমুখো মানুষের চাপ ছিল চোখে পড়ার মতো।

এদিকে, দূরপাল্লার পরিবহনের কাউন্টার মাস্টাররাও ব্যস্ত সময় পার করছেন। যাত্রী ডাকাডাকিতে পুরো টার্মিনাল এলাকা সরগরম হয়ে উঠেছে।

কল্যাণপুরের দূরপাল্লার বাস কাউন্টারগুলোতেও একই চিত্র দেখা গেছে। কাউন্টারের সামনে বাস এসে দাঁড়াতেই নির্ধারিত গাড়িতে উঠতে ব্যস্ত হয়ে পড়ছেন যাত্রীরা।

হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার অনিক বলেন, সকাল থেকেই যাত্রীর চাপ অনেক বেশি। কিছুক্ষণ আগেও কাউন্টারের সামনে ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে। সকাল থেকে তাদের অন্তত ২০টি বাস ছেড়ে গেছে এবং কোনো বাসেই আসন খালি ছিল না।

গোল্ডেন লাইনের কাউন্টার মাস্টার মো. রনি বলেন, আজ যাত্রীর চাপ তুলনামূলক বেশি। সকাল থেকেই ১৯টি বাস ছেড়ে গেছে এবং প্রতিটি বাসই প্রায় পূর্ণ ছিল। সাধারণ দিনে এ সময়ের মধ্যে ১০ থেকে ১১টি বাস ছেড়ে যায়। তবে যাত্রী বেশি থাকায় আজ অতিরিক্ত বাস ছাড়তে হয়েছে।

পরবর্তী গাড়িগুলোতে আসন খালি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, কিছু কিছু বাসে অল্পসংখ্যক আসন খালি রয়েছে। তবে ২৫, ২৬ ও ২৭ মে’র অধিকাংশ টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে।

পাবনাগামী যাত্রী রাহাত বলেন, সাধারণত এত আগে বাড়ি ফেরা হয় না। তবে ক্যাম্পাসে ছুটি হয়ে যাওয়ায় আগেভাগেই রওনা হয়েছি। কাউন্টারে এসে সহজেই টিকিট পেয়েছি।

রাজশাহীগামী আরেক যাত্রী ইমরান বলেন, অগ্রিম টিকিট কাটিনি। কাউন্টারে এসেই টিকিট পেয়েছি। খুব বেশি ঝামেলা হয়নি। আশা করছি ভোগান্তি ছাড়াই বাড়ি পৌঁছাতে পারব।

এদিকে, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি করেন। গত মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সেই হিসাবে আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ার কথা রয়েছে।

ঈদকে কেন্দ্র করে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত আগে থেকেই সরকারি ছুটি নির্ধারিত ছিল। পরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে ২৫ মে-ও ছুটি ঘোষণা করা হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন

রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবিতে সোনারগাঁওয়ে মানববন্ধন

রামিসার বাসার সামনে বিক্ষোভ, কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা-মা

রামিসার বাসার সামনে বিক্ষোভ, কুলখানির জন্য ঢাকা ছাড়লেন বাবা-মা

স্থানীয় সরকার নির্বাচন বিধিতে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন

স্থানীয় সরকার নির্বাচন বিধিতে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন

শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয়

শুধু হাতের ওপর ভর করেই মাউন্ট এভারেস্ট জয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App