বিশ্ববাজারে আরো কমল স্বর্ণের দাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৬, ০২:৪১ পিএম
ছবি : সংগৃহীত
মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ফেডারেল রিজার্ভ সুদের হার আরো বাড়াতে পারে- এমন আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার (২২ মে) সকাল ৬টা ১১ মিনিটে (জিএমটি) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ০ দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ৫২২ দশমিক ০৬ ডলারে নেমে আসে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩ শতাংশ কমেছে।
অন্যদিকে, জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২২ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।
বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের দাম ছয় সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। ফলে বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ ও রুপার মতো মূল্যবান ধাতু কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে।
তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতির পরিস্থিতি ফেডারেল রিজার্ভকে উচ্চ সুদের হার দীর্ঘ সময় ধরে বজায় রাখতে উৎসাহিত করতে পারে। সাধারণত সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগ কমিয়ে দেন, যার প্রভাব পড়ে মূল্যবান ধাতুর বাজারে।
আর্থিক প্রতিষ্ঠান ‘মারেক্স’-এর বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার বলেন, শক্তিশালী ডলারই স্বর্ণের দর কমার অন্যতম প্রধান কারণ। উচ্চ সুদের হার ডলারের অবস্থান আরও শক্তিশালী করছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে। তেলের উচ্চ মূল্য মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ায়, ফলে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকার সম্ভাবনাও বাড়ে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পরিবর্তন এসেছে। শুক্রবার দিনের শুরুতে স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৭৬ দশমিক ২৫ ডলারে দাঁড়িয়েছে।
এ ছাড়া প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৯৪৯ দশমিক ৪৩ ডলারে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৭৩ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে।
