দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
দুই দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি। রোববার সন্ধ্যায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিমানবন্দরে কাতারের শ্রমমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
সফরকালে কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ সরকারের বিভিন্ন উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এছাড়া দুই দেশের মধ্যে একটি যৌথ কমিটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। কাতারে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ও আলোচনায় গুরুত্ব পাবে।
দোহায় বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, কাতারের শ্রমমন্ত্রীর এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তারা আশা প্রকাশ করেছে, সফরটি সফল ও ফলপ্রসূ হবে এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্ব ও অংশীদারিত্ব ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
