পাঁচশ শিশুর মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে: সাইফুল হক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬, ০৮:১৬ পিএম
ছবি: সংগৃহীত
প্রায় পাঁচশ শিশুর মর্মান্তিক মৃত্যুর দায়দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে বলে জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, হামের সঙ্গে কোনো ভাইরাস যুক্ত হয়ে শিশুদের এই ভয়াবহ প্রাণহানি ঘটাচ্ছে কিনা, দ্রুত তা খতিয়ে দেখা দরকার।
রোববার (১৭ মে) রাজধানীর তোপখানা রোডে পার্টির ‘শিক্ষা বিষয়ক’ বিশেষ কর্মশালায় এ কথা বলেন তিনি। এসময় অপুষ্টিজনিত সমস্যাসহ অন্যান্য সমস্যাগুলো চিহ্নিত করে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার বলে উল্লেখ করেন তিনি।
সাইফুল হক বলেন, ‘প্রায় পাঁচশ শিশুর মর্মান্তিক মৃত্যুর দায়দায়িত্ব কাউকে না কাউকে তো নিতে হবে। হামের টিকা আমদানিসহ চিকিৎসায় অবহেলার বিষয়ে যদি বিগত অন্তর্বর্তী সরকারের দায় থাকে, তাকে নির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং সংশ্লিষ্টদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’
তিনি বলেন হামে মৃত্যু ও চিকিৎসার ব্যাপারে বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কতটুকু কী দায়িত্ব রয়েছে, তাও নির্দিষ্ট করা প্রয়োজন বলে উল্লেখ করেন এই বামপন্থি নেতা।
আগামী জাতীয় বাজেটে চিকিৎসা খাতকে অগ্রাধিকারের তালিকায় রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক। একইসঙ্গে সমাজের গরিব ও প্রান্তিক পরিবারের মানুষদের চিকিৎসাসেবা লাভ করারও আহ্বান জানান তিনি।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুল করিম টিপু, সাইফুল ইসলাম, মাসুদুর রহমান মাসুদ, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক আজাদুর রহমান আজাদ, আউয়াল মাহমুদ, মোহাম্মদ হানিফ প্রমুখ।
